প্রায় ১৯ বছর ধরে ইসরায়েলের একের পর এক হামলা ও হত্যাচেষ্টার শিকার হয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হায়া ও তার পরিবার। এসব হামলায় তিনি প্রাণে বেঁচে গেলেও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তার চার ছেলে। প্রাণ হারিয়েছেন পরিবারের আরও কয়েকজন সদস্য ও নাতি-নাতনি। খবর আল-জাজিরার।
সর্বশেষ গত ২৭ নভেম্বর গাজা শহরে খলিল আল-হায়ার জীবিত একমাত্র ছেলে ইজ্জ আল-দিন, তার পরিবার এবং নিহত ছেলে আজ্জামের পরিবারের সদস্যদের লক্ষ্য করে হত্যাচেষ্টা চালানো হয়। তবে তারা সবাই প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে হামাস।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “খলিল আল-হায়ার কনিষ্ঠ ছেলে, তার পরিবার এবং নিহত ছেলে আজ্জামের পরিবার ইসরায়েলি হত্যাচেষ্টা থেকে রক্ষা পেয়েছেন।”
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সাল থেকে খলিল আল-হায়া ও তার পরিবারকে লক্ষ্য করে বিভিন্ন সময়ে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এসব হামলায় পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন।
যেভাবে প্রাণ হারান চার ছেলে
২০০৮ সালের ফেব্রুয়ারিতে গাজা শহরে ইসরায়েলি হামলায় খলিল আল-হায়ার ছেলে হামজা নিহত হন। তিনি হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের সদস্য ছিলেন।
এরপর ২০১৪ সালের জুলাইয়ে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সময় তার জ্যেষ্ঠ ছেলে ওসামা, ওসামার স্ত্রী এবং তাদের কয়েকজন সন্তান নিহত হন। ওই হামলায় খলিল আল-হায়ার স্ত্রী আমালও গুরুতর আহত হন। তবে ওসামার দুই ছেলে প্রাণে বেঁচে যায়।
২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় হামাসের একটি আলোচক প্রতিনিধিদলকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়। ওই সময় খলিল আল-হায়া প্রাণে বেঁচে গেলেও তার ছেলে হাম্মাম নিহত হন। হাম্মাম একটি মসজিদের ইমাম ছিলেন এবং পবিত্র কোরআনের হাফেজ ছিলেন বলে জানিয়েছেন তার মা।
সর্বশেষ ২০২৬ সালের মে মাসে গাজা শহরে ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়ে মারা যান তার আরেক ছেলে আজ্জাম। এর মধ্য দিয়ে ইসরায়েলি হামলায় খলিল আল-হায়ার চার ছেলের মৃত্যু হয়।
আগের হামলায় আহত হন জীবিত ছেলে
২০২৫ সালের এপ্রিলে গাজা শহরে ইসরায়েলি বোমা হামলায় খলিল আল-হায়ার জীবিত ছেলে ইজ্জ আল-দিন গুরুতর আহত হন। ওই হামলায় তিনি একটি পা হারান। তার দুই ছেলে খলিল ও মুহাম্মদও নিহত হয় বলে জানান তার মা আমাল।
ফলে সর্বশেষ হামলার আগে থেকেই খলিল আল-হায়ার পরিবার ধারাবাহিক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছিল।
কে এই খলিল আল-হায়া
খলিল ইসমাইল আল-হায়া ১৯৬০ সালের ৫ নভেম্বর গাজা শহরে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে সুদানের পবিত্র কোরআন বিশ্ববিদ্যালয় থেকে হাদিস ও নবুয়তের ঐতিহ্য বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
২০০৬ সালে তিনি ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। পরে হামাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের অক্টোবরে হামাসের তৎকালীন নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর খলিল আল-হায়া গাজায় সংগঠনটির নেতৃত্বের দায়িত্ব নেন। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনায় হামাসের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
২০২৬ সালের ২০ জুলাই তাকে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত করার ঘোষণা দেওয়া হয়।
যুদ্ধবিরতি নিয়েও উত্তেজনা
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার ভিত্তিতে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে হামাসের অভিযোগ, চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরায়েল বারবার তা লঙ্ঘন করছে এবং গাজায় হামলা ও বাড়িঘর ধ্বংস অব্যাহত রেখেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ২০২৬ সালের ২৬ নভেম্বর পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ৭০৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার ১৬৩ জন আহত হয়েছেন।
এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে মোট ৭৪ হাজার ৭৭২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ২৯৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।