ঐতিহাসিক ইশরাত মঞ্জিলে মুসলিম লীগের সম্মেলন হয়েছিল, সেখানে মধুর ক্যান্টিনের মতো পঁচা রেস্টুরেন্ট বসানো হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
তিনি বলেছেন, ‘মধু দাকে যদি আপনি সম্মান করতে চান, তিনি মারা গেছেন, সম্মান করেন। অন্যভাবে অনেকভাবে সম্মান করা যাবে। কিন্তু আমাদের ইতিহাস-ঐতিহ্যের একটা জায়গায় আপনি তাকে প্রতিস্থাপন করতে পারেন না। এটা হতে পারে না।’
সম্প্রতি ছাত্র সংবাদের এক পডকাস্টে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “নবাব সলিমুল্লাহ ও নবাব আলী চৌধুরীর কথা চিন্তা করেন। উনাদের এক একজনের কত অবদান বাংলাদেশ, এই মাটির প্রজাদের জন্য, শিক্ষা-দীক্ষার জন্য। নবাব সলিমুল্লাহ ৬৫০ একর জমি দিয়েছেন। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা আলিয়া, ঢাকা মেডিকেল কলেজ, শাহবাগ, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান—এগুলো সব তার জমিতে।”
ইশরাত মঞ্জিল ও মধুর ক্যান্টিন প্রসঙ্গে তিনি বলেন, “ইশরাত মঞ্জিলে মুসলিম লীগের সম্মেলন হয়েছিল, সেখানে মধুর ক্যান্টিনের মতো একটা পঁচা রেস্টুরেন্ট বসিয়ে দিয়েছে। যেখানে ইঁদুর আর তেলাপোকার খাবার খেতে হয়। মুধা দা ১৯৭১ সালে মারা গেছে, ১৯৭১ সালে অনেক লোক মারা গেছে। এত ঐতিহ্যবাহী একটা জায়গা ইশরাত মঞ্জিল, ওখানে মধুর ক্যান্টিন বসাতে হবে কেন? পরিকল্পিতভাবে করেছে। আমাদের ওপর একটা কালচার চাপিয়ে দিয়েছে।”
তিনি বলেন, “মধু দাকে যদি আপনি সম্মান করতে চান, তিনি মারা গেছেন, সম্মান করেন। অন্যভাবে অনেকভাবে সম্মান করা যাবে। কিন্তু আমাদের ইতিহাস-ঐতিহ্যের একটা জায়গায় আপনি তাকে প্রতিস্থাপন করতে পারেন না। এটা হতে পারে না। তাহলে কেন করলেন এটা? নবাব সলিমুল্লাহকে নিয়ে কোনো আলোচনা নেই! কোনো আন্দোলন, সচেতনতা, লড়াই কিংবা তাকে উদ্যাপন করার কিছু নেই।”
ডাকসুতে মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “জিন্নাহকে নিয়ে দেখেন, ডাকসুতে কী হয়ে গেল। অথচ ডাকসু যৌক্তিকভাবেই কাজটা করেছে। জিন্নাহ তো এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসেছিলেন ১৯৪৮ সালে। উনি আসেননি, ব্যাপারটা তো তা নয়। উনি এসেছেন। তার বক্তব্য পুরোটা শুনুন। সমস্যা কী? জিন্নাহর বক্তব্য ভালো লাগলে কাউকে জোর করে ভালো লাগানোর জন্য তো বলা হচ্ছে না। তাহলে জিন্নাহর বাস্তবতাটা তুলে ধরতে দিচ্ছেন না কেন?”
রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে তিনি বলেন, “কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। দুইবার এসে এখান থেকে দুটি পিএইচডি নিয়ে গেছেন, অনারারি পিএইচডি। অথচ তিনি তার যে জমিদার শ্রেণি, সেই জমিদার বাবুদের বিরুদ্ধে কোনো দিন একটা কথা বলেননি। যারা এই বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে কথা বলেছেন, অথচ সেখান থেকে তিনি পিএইচডি নিয়েছেন।”
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় জিন্নাহর অবদান তুলে ধরে তিনি বলেন, “অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যদি কারও কথা বলা হয়, জিন্নাহর অবদান আছে। বেঙ্গল অ্যাসেম্বলিতে ব্রিটিশদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন করতে হবে, সেই যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য মুসলিম লীগের পক্ষ থেকে মোহাম্মদ আলী জিন্নাহ গিয়েছিলেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য, এই চাষাভুষার ছেলেমেয়েদের লেখাপড়া করার জন্য। তাহলে সেই জায়গায় আমরা কাকে উদ্যাপন করছি, কাকে করছি না—এটার একটা রাজনীতি আছে। কালচারাল পলিটিক্স। বাংলাদেশে দুঃখজনকভাবে হলেও সত্য, এই কালচারাল পলিটিক্সের আবহাওয়াটাই আমাদের ওপর চাপিয়ে দেওয়া আছে।”
ইতিহাস ও সাংস্কৃতিক রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “কেউ যদি তরুণেরা আবুল মনসুর আহমেদের লেখা ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ পড়েন, বাংলাদেশের কালচার, এম আর আখতার মুকুলের লেখা, কলকাতাকেন্দ্রিক বুদ্ধিজীবী—এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। আসলে কী জিনিস, কাকে আমাদের হিরো হওয়া দরকার ছিল, কে আমাদের হিরো হবে, কে ভিলেন হবে, কাকে আমি স্মরণে রাখব, কাকে ভুলে যাব।”
সূর্য সেন, প্রীতিলতা ও ক্ষুদিরাম প্রসঙ্গে তিনি বলেন, “সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, ক্ষুদিরাম—এঁদের নিয়ে এত আলোচনা হয়। আজকের হিন্দুত্ববাদী সন্ত্রাসী বিজেপির অমিত শাহ, নরেন্দ্র মোদি, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মা—এই মানুষগুলোকে কি আপনি উদ্যাপন করতে পারেন? এই মানুষগুলো কি আপনার নায়ক হতে পারে? এদের পূর্বসূরি হলেন সূর্য সেন, ক্ষুদিরাম, প্রীতিলতা ওয়াদ্দেদার।”
এ বিষয়ে তিনি আরও বলেন, “আনন্দময়ী কালিমন্দিরে গিয়ে রক্ত বের করে স্বদেশি আন্দোলনের জন্য শপথ নিতেন। কোন স্বদেশ? অভিন্ন বাংলা? বঙ্গভঙ্গ, যেটা হয়েছিল পুরো বাংলা ও আসাম মিলে ঢাকাকে রাজধানী করে, যেটার সুফল এই অঞ্চলের মানুষ পেতেন, সেটার বিপক্ষে এমন কোনো অন্যায় নেই, যা তারা করেননি। যুগান্তর, অনুশীলন সমিতির মতো সন্ত্রাসবাদী সংগঠন ছিল। তাদের সঙ্গে আপনি আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। যুগান্তর নামে পত্রিকা আছে বাংলাদেশে।”
তিনি বলেন, “বাংলাদেশের পত্রিকাগুলোর নাম দেখলে বুঝবেন, কোন কোন শব্দের সঙ্গে আমাদের পরিচয় করানো হচ্ছে। কাকে আমি খলনায়ক বানাচ্ছি, কাকে নায়ক বানাচ্ছি? অথচ আমার লড়াইয়ের নায়ক হাবিলদার রজব আলী কোথাও নেই কেন? সিপাহি বিদ্রোহ অথবা আজাদির লড়াইয়ে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যিনি শুরুটা করেছিলেন, তিনি আমাদের চট্টগ্রামের সন্তান। আমরা কি তাকে জাতীয়ভাবে স্মরণ করি? আমাদের হাজী শরীয়তুল্লাহ ব্রিটিশবিরোধী আন্দোলন করেছেন। আমাদের দুদু মিয়া, আমাদের মজনু শাহ, ফকির মজনু শাহ, আমাদের তিতুমীর—এই মানুষগুলোকে আমরা উদ্যাপন করি না কেন? জাতীয় পর্যায়ে তারা গুরুত্বপূর্ণ ব্যক্তি নন কেন?”
ঐতিহাসিক ব্যক্তিত্বদের অবদান ও আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের শেরেবাংলা, খাজা নাজিমুদ্দিন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী—এই মানুষগুলোর অবদান নিয়ে আলোচনা হয় না কেন? মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ আওয়ামী লীগের সভাপতি ছিলেন। দুজন আওয়ামী লীগ সভাপতি তো আলেম ছিলেন। সেই আওয়ামী লীগ কীভাবে বামপন্থীদের ও ভারতের খপ্পরে পড়ে দিল্লির পাঁচাটা গোলামে পরিণত হলো? অতএব, এই যে কাঠামোগত জায়গা—আমি কাকে মনে রাখব, কাকে ভুলে যাব, কাকে ভুলিয়ে দেওয়া হবে, কাকে বারবার মনে করিয়ে দেওয়া হবে—এটাই হচ্ছে কালচারাল ফ্যাসিবাদ। আর এই কালচারাল ফ্যাসিবাদের বৈতরণি ধরেই বারবার রাজনৈতিক ফ্যাসিবাদ কায়েম হয়েছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি একই জিনিস। ভারতের এটিম আর বিটিম।”
তরুণদের সাংস্কৃতিক রাজনীতি সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অতএব, আজকের তরুণদের এই কালচারাল ফ্যাসিবাদ বুঝতে হবে। আমাদের শহীদ ওসমান হাদি—আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তিনি এই কালচারাল যুদ্ধটা ভালো বুঝেছিলেন। আমরা কোন যুদ্ধের মধ্যে যাচ্ছি, সেটা বুঝতে হবে। যে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে, যে কারণে বেগম খালেদা জিয়াকে এই ১৫-১৬ বছর নির্যাতন, অপমান, এক কাপড়ে ঘরছাড়া, বাড়িছাড়া করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে জেলে ভরা হয়েছে—কেন? ওই একই জায়গায় কালচারাল ফ্যাসিবাদ।”
তিনি আরও বলেন, “তারা বুঝেছিলেন কোন জায়গাগুলো আমাদের জাতির জন্য ক্ষতিকর। অতএব, সেই জায়গাটা আমাদের তরুণদের নতুন করে আবিষ্কার করতে হবে। কেন আমরা তাকে স্মরণ করি, কেন স্মরণ করি না?”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, “আল্লামা ইকবালের হলের নামটা কেন বদলে গেল? সূর্য সেনের নামে হল থাকবে কেন? প্রীতিলতার নামে হল থাকবে কেন? বিভিন্ন জায়গায় ক্ষুদিরামের গান শুনতে শুনতে আমরা ছোটবেলায় কান্নাকাটি করে লুঙ্গি ভিজিয়ে ফেলেছি—‘একবার যেতে দে না’। মানে, এই রকম একটা ইয়াং ছেলে দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। তাই বলে কি আমাদের কান্নাকাটি করতে হবে? বিজেপির লোকেরা কান্নাকাটি করুক না।”
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “আমি বাঙালি মুসলমান, বাঙালি নিম্নবর্ণের হিন্দু—আমি কি ক্ষুদিরামের জন্য আসলে কাঁদতে পারি? তিনি কি আসলে আমার জন্য লড়াই করেছেন? তিনি তো জমিদার হিন্দুদের জন্য লড়াই করেছেন। অবিভক্ত বাংলা, ১৯০৫ সালের কথা চিন্তা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি নিয়ে তারা পাগল হয়ে গিয়েছিলেন। কারণ, জমিদারি তো বাংলার এপাশে, আর শান্তিনিকেতন করেছে ওই পাড়ে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।







