সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অতীতে যারা ৫০ বছর নেতৃত্ব দিয়েছেন, তারা যা করতে পারেননি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একবার নির্বাচিত হয়েই তার চেয়ে বেশি কাজ করেছে।
আজ রোববার (২২ নভেম্বর) সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ছাত্রশিবিরের সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, শুধু শিক্ষাগত সনদ অর্জন কিংবা ভালো পদে চাকরি করাই শিক্ষার সার্থকতা নয়। শিক্ষিত হয়ে কেউ যদি দুর্নীতি, ঘুষ ও অন্যায় কাজে জড়িত হন, তাহলে তার শিক্ষার মূল্য থাকে না। একজন শিক্ষিত চোরের চেয়ে মূর্খ চোর ভালো।
তিনি বলেন, তারা এমন সন্তান চান না, যারা উচ্চশিক্ষা অর্জন করে বিভিন্ন পদে বসে ঘুষ ও দুর্নীতি করবেন। তারা এমন মানুষ চান, যারা মানবতা, দেশ, জাতি, ঈমান ও ইসলামের জন্য কাজ করবেন এবং জনগণের সেবা করবেন।
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বলেন, দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার উপযোগী শিক্ষার্থী গড়ে তুলতে হবে, যারা ন্যায়, সততা ও আদর্শের ভিত্তিতে মানুষের কল্যাণে কাজ করবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা, আমল, আখলাক ও ব্যক্তিত্বে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতৃত্ব নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সংগঠনটি নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। এসব নেতৃত্বের মধ্যে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের পাশাপাশি নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরাও রয়েছেন। তার দাবি, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আবাসন, খাবার, চিকিৎসা, বিশুদ্ধ পানি ও অন্যান্য সুযোগ-সুবিধার উন্নয়নে ছাত্রশিবির কাজ করছে।







