ফেনীতে কারা পরিদর্শক নিয়োগে ক্ষোভ ও অবমূল্যায়নের অভিযোগ তুলে জেলা বিএনপির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন কফিল উদ্দিন মামুন।
সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন তিনি। পোস্টে দলের বিভিন্ন সিদ্ধান্তে দীর্ঘদিনের ত্যাগী নেতা-কর্মীরা মূল্যায়িত হচ্ছেন না বলে অভিযোগ করেন।
তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এর আগে জেলা যুবদলের সাবেক সভাপতি ও ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিমও দল থেকে পদত্যাগ করেন।
দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে-এমন অভিযোগ তুলে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কফিল উদ্দিন মামুন। তার পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে ফেনী বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
জানা গেছে, সম্প্রতি ফেনী জেলা কারাগার-১ ও ২-এর জন্য ১৪ জনকে দুই বছরের মেয়াদে বেসরকারি কারা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে কারাগার-২-এর পরিদর্শক হিসেবে অ্যাডভোকেট শহিদুল ইসলাম সেলিমকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কফিল উদ্দিন মামুন।
কফিল উদ্দিন মামুনের অভিযোগ, মনোনীত অ্যাডভোকেট শহিদুল ইসলাম দীর্ঘ দুই যুগে দলের আন্দোলন-সংগ্রাম কিংবা কর্মসূচিতে সক্রিয় ছিলেন না। এ ধরনের ব্যক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। কারা পরিদর্শক নিয়োগ নিয়ে রাগে-অভিমানে কফিল উদ্দিন মামুন ফেসবুকে পোস্ট দিয়ে অব্যাহতি নিয়েছেন।
কারাগার-২-এর নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী মো. শহিদুল ইসলাম ভূঁইয়া, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নূর তানজিলা রহমান এবং পৌর মহিলা দলের নেত্রী রোকসানা আক্তার।
এর আগে, অক্টোবরের মাঝামাঝি সময়ে দলের পক্ষ থেকে অবমূল্যায়ন, ষড়যন্ত্রের প্রতিকার না পাওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে দলীয় সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন জেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন জসিম। তার পদত্যাগের পর কফিল উদ্দিন মামুনের এ সিদ্ধান্ত ফেনী বিএনপির অভ্যন্তরীণ অসন্তোষের বিষয়টি আবারও সামনে এনেছে।







