পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা শেষে আবার কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে তাকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়।
বুধবার (১১ নভেম্বর) কর্মকর্তারা তার হাসপাতালে নেওয়া ও কারাগারে ফেরানোর তথ্য নিশ্চিত করেন।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ৭৪ বছর বয়সী ইমরান খানের রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করার পাশাপাশি চোখের চিকিৎসাও দেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে রাতেই তাকে আবার কারাগারের নিজস্ব সেলে ফিরিয়ে নেওয়া হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসার সময় তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।
ক্রিকেট তারকা থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। এরপর তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা হয়। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে ঘোষিত দণ্ডগুলোর মধ্যে একটি ছাড়া অন্যগুলো আপিল আদালতে স্থগিত কিংবা বাতিল হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর আপিল এখনো বিচারাধীন। ইমরান খান বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে। তবে পাকিস্তান সরকার তার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
ইমরান খানের আইনজীবীদের দাবি, দীর্ঘদিন কারাবন্দী থাকার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত আগস্টে হাসপাতালে নেওয়ার পর এবারই প্রথম চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে ফেরানো হলো।
এদিকে, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে তাদের আইনি প্রতিনিধি দল ও আইনজীবীদের সাক্ষাতের সুযোগ দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের একটি আদালত বলে জানিয়েছে পিটিআই।
অন্যদিকে, পিটিআইয়ের ডেপুটি চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশীকেও মঙ্গলবার লাহোরের একটি কারাগার থেকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তথ্যসূত্র: রয়টার্স







