মাস্টার্স পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবাসিক হলের আসন ছেড়ে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস)।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বিশ্ববিদ্যালয়ের অন্যতম আবাসিক হল মওলানা ভাসানী হল-এ কাটানো শিক্ষাজীবনের নানা স্মৃতিচারণ করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, করোনাভাইরাস মহামারির পর তিনি মওলানা ভাসানী হলে ওঠেন এবং সেখান থেকেই পড়াশোনা, ক্লাবিং, খেলাধুলাসহ বিশ্ববিদ্যালয় জীবনের মূল্যবান একাডেমিক সময় অতিবাহিত করেন। হলের করিডোর, খেলার মাঠ, কমনরুম, মসজিদ, ক্যান্টিন ও রিডিং রুমের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি।
তিনি আরও বলেন, হলের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এমনকি হল প্রাঙ্গণের বিড়ালদের সঙ্গেও গড়ে উঠেছে আন্তরিকতার এক অনন্য সম্পর্ক।
স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, জাহাঙ্গীরনগরের সবচেয়ে সুন্দর বর্ষা, শীতের সকালের রোদ এবং গ্রীষ্মের কালবৈশাখীর সৌন্দর্য তিনি এই হল থেকেই উপভোগ করেছেন।
একই সঙ্গে তিনি শিক্ষাজীবন শেষে যথাসময়ে আবাসিক হল ছাড়ার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। তাঁর মতে, শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ বিশ্ববিদ্যালয়কে নবীনদের জন্য আরও স্বস্তিদায়ক করে তুলবে এবং গণরুম ও গেস্টরুম সংস্কৃতিমুক্ত একটি সুস্থ একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে।







