ক্যান্টিনে খাবার খেয়ে বিল পরিশোধ না করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্যার এ.এফ. রহমান হল ছাত্রসংসদের জিএস ও শাখা ছাত্রদলের এ নেতার বিরুদ্ধে।
ক্যান্টিন কর্তৃপক্ষের দাবি, তিনি ক্যান্টিনে খাবার খাওয়ার পর নিয়মিতই বিল পরিশোধ না করে চলে যান। মাঝে মধ্যে সাথে করে আরো অনেকজনকে খেতে নিয়ে আসতেন।
ক্যান্টিন কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, খাবারের টাকা চাইলে তিনি ক্যান্টিন বন্ধ করে দেওয়ার হুমকি দেন বলেও দাবি তাদের।
ক্যান্টিন কর্তৃপক্ষের অভিযোগ, হল সংসদের নেতা ও তার রাজনৈতিক সংগঠন ক্ষমতায় থাকার কারণে তিনি এমন আচরণ করছেন। তবে হল সংসদ নেতার দাবি, তিনি টাকা দিতে চাইলেও ক্যান্টিনের মালিক তার কাছ থেকে টাকা নেন না। হল সংসদের জিএস হওয়ায় তাকে সম্মান দেখিয়ে ক্যান্টিন কর্তৃপক্ষ টাকা নিতে চায় না বলে ধারণা তার।
ক্যান্টিন কর্তৃপক্ষ বলেন, জিএস হওয়ার পর থেকে ক্যান্টিনে খাওয়ার পর টাকা দেয়নি। বাকি থাকার বিষয়টা এমন না। অনেকের বাকি রয়েছে। কিন্তু তিনি খেয়ে কোনো কথা না বলে টাকা না দিয়ে চলে যান। যখনই আসেন, খেয়ে টাকা না দিয়ে চলে যান। টাকা চাইলে বলেন, কোনো অপরাধ পেলে দোকান একেবারে বন্ধ করে দেব।
অভিযুক্ত ছাত্রদল নেতা তামিম চৌধুরী অস্বীকার করে বলেন, আমি টাকা দিতে চাইলে ওনারা নিতে চান না। আমি হল সংসদের অন্যদেরও বিষয়টি বলেছি। আমি ক্যান্টিনে তেমন যাই না। হল সংসদের জিএস হিসেবে সম্মান দেখিয়ে হয়তো আমার কাছ থেকে টাকা নিতে চায় না।
এ ঘটনায় চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানকে ফোন করা হয়। দ্য ডেইলি ক্যাম্পাস পরিচয় পাওয়ার সাথে সাথে ফোন কেটে দেন তিনি। এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি আর রিসিভ করেননি।







