- মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত অর্থের চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট এজেন্সি বা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
- তিনি বলেন, 'কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
- আরিফুল হক চৌধুরী বলেন, 'মালয়েশিয়ায় কর্মীপ্রতি অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। তবে কোনো কোনো অংশীজন মনে করছেন, মোট খরচ ২ লাখ থেকে ৩ লাখ টাকার মধ্যে হতে পারে।' নিয়োগ ব্যয় সরকারের নির্ধারিত সীমার মধ্যে থাকলে কর্মীদের এমন ভোগান্তিতে পড়তে হতো না বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী আরও জানান, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।
- গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ করার আগে তৎকালীন সরকার অভিবাসন ব্যয় প্রায় ৭৯ হাজার টাকা নির্ধারণ করেছিল। সে হিসেবে নতুন ঘোষিত ব্যয় আগের অঙ্কের প্রায় দ্বিগুণ। তবে আগের সরকারের নির্ধারিত সর্বোচ্চ সীমা ১ লাখ টাকার নিচে থাকা সত্ত্বেও রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কর্মীপ্রতি ৬ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ ছিল।
- বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে বোয়েসেল
- এদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) বিনা অভিবাসন ব্যয়ে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি শুরু করেছে। প্রাথমিকভাবে মালয়েশীয় প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের জন্য ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
- বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য জানান ।এ সময় তিনি বিনা খরচে কর্মী পাঠানোর প্রক্রিয়া ও প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। রাশেদুল হক জানান, সরকার এখন পর্যন্ত মালয়েশীয় নিয়োগকর্তাদের কাছ থেকে ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে। ডিসেম্বরের আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে কর্মী পাঠানো শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে বোয়েসেল।
- তিনি বলেন, 'ডিসেম্বরের আগেই প্রক্রিয়াটি চূড়ান্ত করার লক্ষ্য আমাদের। ডিএইচএলের সহযোগিতায় আমরা দ্রুত কর্মীদের পাঠাতে পারব। আমি চাই ডিসেম্বরের আগেই প্রক্রিয়াটি শুরু হোক।' তবে অনিবার্য কারণে দু-এক দিন দেরি হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
- বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, কর্মী নির্বাচন প্রক্রিয়ায় সংস্থাটি কোনো হস্তক্ষেপ করবে না; নিয়োগকর্তাদের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদেরই চূড়ান্ত বলে গণ্য করা হবে। নির্বাচিত কর্মীদের সরকার নির্ধারিত অভিবাসন-সংক্রান্ত সব ব্যয় মালয়েশীয় নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। নিয়োগকর্তা বা কর্মী—কারও কাছ থেকেই বোয়েসেল কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না।
- 'শূন্য মানে শূন্যই' মন্তব্য করে তিনি সতর্ক করে বলেন, নিয়োগের যেকোনো পর্যায়ে অর্থ আদায়ের চেষ্টাকারী দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তিদের পাশাপাশি অনৈতিক আর্থিক লেনদেনে জড়িত প্রার্থীদের বিরুদ্ধেও প্রমাণের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় নিয়োগ প্রক্রিয়া-সংক্রান্ত যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে সম্ভাব্য কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।







