জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনব্যবস্থা তুলে দিয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের সংসদে আসার সুযোগ দেওয়ার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর জন্য এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়া বাধ্যতামূলক করা যেতে পারে। বর্তমানে দেশে অনেক যোগ্য ও শিক্ষিত নারী রাজনীতিবিদ রয়েছেন, যারা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে সক্ষম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, আগে এমন নারী সংসদ সদস্যও দেখেছেন, যিনি হাতে লেখা বক্তব্য ঠিকমতো পড়তে পারতেন না। সম্ভবত তাঁর পড়াশোনা দ্বিতীয় বা তৃতীয় শ্রেণি পর্যন্ত ছিল, কিংবা অক্ষরজ্ঞানও ভালোভাবে ছিল না। তবে বর্তমানে সংসদে অনেক দক্ষ ও স্মার্ট নারী সংসদ সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন নারী ব্যারিস্টার এবং সাত-আটজন সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। তাঁরা সংসদে অত্যন্ত চমৎকার বক্তব্য দেন, যা শুনে তিনি মুগ্ধ হন।
তিনি বলেন, এটি প্রমাণ করে দেশের জনগণের মধ্যে সচেতনতা বেড়েছে এবং তাঁরা যোগ্য প্রতিনিধি নির্বাচনে সক্ষম হচ্ছেন।
সংরক্ষিত নারী আসনের বিষয়ে স্পিকার বলেন, প্রথম জাতীয় সংসদে নারীদের জন্য ১৫টি আসন নির্ধারণ করা হয়েছিল। তখন ধারণা ছিল, সময়ের সঙ্গে সঙ্গে নারীদের জন্য এই কোটা ব্যবস্থা বিলুপ্ত হবে। কিন্তু প্রতিটি সংসদে সংরক্ষিত আসনের সংখ্যা বাড়িয়ে বর্তমানে ৫০টিতে উন্নীত করা হয়েছে। গত কয়েক দশক ধরে নারীরাই দেশের নেতৃত্ব দিয়েছেন। তাই তাঁর ব্যক্তিগত মত হলো, সংরক্ষিত আসনব্যবস্থা চালু থাকলে নারীরা কখনো পুরোপুরি স্বাবলম্বী হতে পারবেন না এবং নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সীমিত থাকবে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় এখন অনেক যোগ্য নারী নেত্রী রয়েছেন। রাজনীতিতে তাঁদের অংশগ্রহণ ও শিক্ষাগত যোগ্যতা বাড়ছে। ফলে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের সংসদে আসার সুযোগ তৈরি করা প্রয়োজন।
ককাসের সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, সংসদ ও ককাসের সঙ্গে বসে কোন কোন ক্ষেত্রে আরও বেশি নজর দেওয়া প্রয়োজন, কোথায় দুর্বলতা রয়েছে এবং কীভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসা যায়, তা নিয়ে আলোচনা করা হবে।
তিনি বলেন, ককাসের সদস্যরা দক্ষ রাজনীতিবিদ এবং জনগণের সঙ্গে তাঁদের সুসম্পর্ক রয়েছে। তাঁরা আন্তরিকভাবে কাজ করলে সমাজে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব। অনুষ্ঠানে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য ককাসের সদস্যদের ধন্যবাদ জানান তিনি।







