ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সিল ও পদবী ব্যবহার করে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সানজিদা আহমেদ তন্বীর উপস্থিতির সমালোচনা করে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে জুমা লেখেন, ডাকসুর নিজের সিল বা পদবী ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। এ প্রসঙ্গে তিনি ডাকসু নেত্রী হেমা চাকমাকে নিয়ে বলেন, নিজের ব্যক্তিগত সিল হেমা চাকমা পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসন ও আদিবাসী স্বীকৃতি চাওয়ার জন্য ব্যবহার করেছে। অবশ্য হেমা যে এটা করে বা করতে পারে এটা সবার কাছেই কাম্য। কারণ হেমা চাকমা কী চায় কেন চায় এগুলা সে বারবার পরিষ্কার করেছে তার কথায় ও কাজে।
কিন্তু ডাকসুর পদবী ব্যবহার করে অন্য আরেকজন যে এই জুলাই আকাঙ্খা বিরোধী সভায় বসে আছে আমার এটা মানতে কষ্ট হচ্ছে।
তিনি লেখেন, জুলাই আন্দোলনের মাধ্যমে অর্জিত জনপ্রিয়তার ওপর ভর করেই তন্বী অত্যন্ত যোগ্য প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ডাকসুতে জয়ী হয়েছিলেন। সাধারণ মানুষ তাকে জুলাই আন্দোলনের প্রতীক হিসেবে ভালোবেসে নির্বাচিত করেছিল।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই সনদকে উপেক্ষা করে আয়োজিত সংবিধান সংশোধনী সংক্রান্ত মতবিনিময় সভায় তন্বীর উপস্থিতি অত্যন্ত হতাশাজনক। জুলাইয়ের মতো ঐতিহাসিক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে এভাবে অপমান করা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন ফাতেমা তাসনিম জুমা।







