সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ‘রাজনীতিতে পাক্কা খেলোয়াড়’ বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট মাসুম আহমেদ। সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজার ভূমিকার প্রশংসা করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) দেওয়া ওই পোস্টে মাসুম আহমেদ লেখেন, গতকাল ঢাকা-১২ আসনের জামায়াত এমপি সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনকে ডেকে নিয়ে কিছুটা অপমান করা হয়েছিল। সেই পরিস্থিতিতে মিলনও জবাব দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
মাসুম আহমেদ আরও লেখেন, সম্প্রতি সংসদ সদস্য মুফতি আমির হামজার একটি ওয়াজের ভিডিও সামনে এসেছে। সেখানে মঞ্চে বসে দেওয়া বক্তব্যে তিনি প্রতিপক্ষের সমালোচনার জবাব দিয়েছেন। বিশেষ করে ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্যকে ওয়াজের মঞ্চে অপমান করার প্রসঙ্গটি তুলে ধরেন আমির হামজা।
পোস্টে আমির হামজার রাজনৈতিক অবস্থানের প্রশংসা করে মাসুম আহমেদ লেখেন, অন্য কেউ কথা না বললেও আমির হামজা একাই পাল্টা জবাব দিয়েছেন। তাঁর মতে, সংসদ সদস্য হওয়ার পর রাজনীতি কীভাবে করতে হয়, তা আমির হামজার কাছ থেকে শেখার আছে।
তিনি আরও মন্তব্য করেন, আমির হামজাকে যারা রাজনৈতিকভাবে থামিয়ে দেওয়ার কথা বলেন, তাদের ধারণা সঠিক নয়। বরং রাজনীতিতে আমির হামজা এখন যথেষ্ট দক্ষ হয়ে উঠেছেন বলে মনে করেন তিনি।







