নিজের ফেসবুক পোস্টে দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
ধর্মীয় মাহফিলে অতিথি হিসেবে অংশ নেওয়াকে দলীয় সংকীর্ণতার দৃষ্টিতে না দেখে উদারতা ও সৌজন্যের মানসিকতা নিয়ে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
সোমবার (২৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে মাওলানা আবদুল জব্বার প্রশ্ন তোলেন, অন্য এলাকার পরাজিত এমপি প্রার্থী ওয়াজ মাহফিলে বক্তব্য দিলে তা রাজনীতি হিসেবে বিবেচিত হয় না, অথচ নিজ এলাকার নির্বাচিত এমপি প্রার্থী অতিথি হিসেবে মাহফিলে অংশ নিলেই রাজনীতি হয়ে যায়—এ কেমন দ্বিচারিতা?
তিনি বলেন, ধর্মীয় মাহফিল ও অতিথিকে স্বাগত জানানোর বিষয়টি দলীয় সংকীর্ণতার দৃষ্টিতে না দেখে উদারতা ও সৌজন্যের মানসিকতা নিয়ে বিবেচনা করা উচিত। মতপার্থক্য থাকতেই পারে, তবে হিংসা-বিদ্বেষ দিয়ে কাউকে বিচার করা কোনোভাবেই কাম্য নয়।
পোস্টে তিনি আরও বলেন, হিংসা নয়, উদারতা এবং বিভেদ নয়, সৌহার্দ্য প্রতিষ্ঠা করা প্রয়োজন। মানুষের অন্তরকে বিদ্বেষমুক্ত রেখে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার চর্চা করতে হবে।
পোস্টের শেষাংশে মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সব কাজ করার তৌফিক কামনা করেন তিনি।







