চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে অপহরণের ছয় ঘণ্টার মধ্যে এক বছর ৯ মাস বয়সী শিশু সাবিহা নূরকে উদ্ধার করেছে এসআরবি-৭। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোজাম্মেল হোসেন (৪১) ও দিলোআরা বেগম (৪০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ১৫ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এসআরবি-৭।
এসআরবি-৭ জানায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকার মদিনা ভাতঘরের পেছনে একটি বসতঘর থেকে কৌশলে শিশুটিকে অপহরণ করা হয়।
এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর শিশুটির বড় চাচা বাদী হয়ে চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে নগরের লালখান বাজার এলাকা থেকে অপহরণে জড়িত থাকার অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়। পরে তার কাছ থেকেই অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।
তিনি জানান, কিশোরটি তার মামা মোজাম্মেল হোসেন ও মামি দিলোআরা বেগমের কাছে টাকার বিনিময়ে শিশুটিকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে অপহরণ করেছিল। কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের স্বাধীনতা কমপ্লেক্সের সামনে থেকে মোজাম্মেল হোসেনকে এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে দিলোআরা বেগমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআরবি-৭-এর এই কর্মকর্তা।
জানা গেছে, উদ্ধার হওয়া শিশু সাবিহা নূর বোয়ালখালীর কধুরখিল গ্রামের মো. বোরকান উদ্দিন টিটুর মেয়ে। বর্তমানে তার পরিবার নগরের চান্দগাঁও থানা এলাকায় বসবাস করছে।







