আজান নিয়ে জাতীয় সংসদে নিজের প্রশ্ন উপস্থাপন করতে গিয়ে কিছুটা ভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৪ এর এমপি বীথিকা বিনতে হোসাইন। তবে তার প্রশ্ন স্পষ্ট বুঝতে পারেননি সংসদের স্পিকার এবং সংশ্লিষ্ট মন্ত্রীও। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে।
সংসদে বক্তব্যের শুরুতে বীথিকা বিনতে হোসাইন বলেন, ‘মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার আমার আজকের প্রশ্নটা নিয়ে হয়তো একটু ভিন্নতা থাকতে পারে।’
তিনি বলেন, ‘মাননীয় স্পিকার আমরা হচ্ছি মুসলিম অধ্যুষিত একটি দেশ। সেখানে মসজিদের শহর। ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। তো আমাদের প্রত্যেকেরই আসা কিংবা অফিসের পাশে থেকে আমরা মসজিদের আজানের শব্দ শুনতে পাই যে আজানের শব্দটার মিনিংটা কিন্তু অনেক সুন্দর, যেখানে বলা হয়ে থাকে যে—এসো কল্যাণের পথে, মুক্তির পথে।
তিনি আরও বলেন, ‘আমাদের এই আজানের শব্দ শুনেএরকম একটা ফিল হওয়া উচিত যে আমরা আমাদের কাছ থেকে সে আজানটাই যেন শুনি কিংবা কাছ থেকে সে আমাদের নামাজ পড়ি। কিন্তু আমাদের যে এই নামাজ, আজানগুলোর কোনো প্রাতিষ্ঠানিক শিল্পকরণ হয়নি বলে আমরা যে যেরকম করে ইচ্ছা সেরকম আজান দিয়ে থাকি। তো সেই জায়গায় কিন্তু আজানটা এত সুন্দর একটা শিল্প, সেটা প্রতিষ্ঠিত হচ্ছে না।’
এরপর আজানকে প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ ও চর্চার আওতায় আনার অনুরোধ জানান তিনি।
বীথিকা বিনতে হোসাইন বলেন, ‘আমার অনুরোধ কিংবা রিকোয়েস্ট রইল, আমরা যেন এ ধরনের পরিকল্পনা করি। আজান যারা দেয়, মুয়াজ্জিন কিংবা খতিব যারাই, তারা যেন এই শিল্পটাকে আমাদের নতুন করে কিংবা অন্যান্য কোনো মাধ্যম থেকে একটা প্রাতিষ্ঠানিক শিল্পের উপর সেটাকে প্রতিষ্ঠিত করা হয়।’
তার বক্তব্য শেষ হওয়ার পর স্পিকার বলেন, ‘আপনার প্রশ্ন বুঝলাম না। মাননীয় মন্ত্রী, আপনি বুঝে থাকলে উত্তর দেন।’
জবাবে সংশ্লিষ্ট মন্ত্রীও প্রশ্নটি স্পষ্ট বুঝতে পারেননি বলে জানান। তিনি বলেন, ‘আসলে প্রশ্নটা আমার কাছেও স্পষ্ট নয়। তবে উনি নোটিশ দিলে আমি এর উত্তর দিতে চেষ্টা করব।







