স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘মানুষকে হয়তো আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, মানুষকে আমরা উন্নয়নের গ্যারান্টি দেব। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় বাসযোগ্য গাইবান্ধা, বাসযোগ্য দেশ ও বাসযোগ্য ঢাকা করতে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগামী জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে স্থানীয় নির্বাচন শেষ করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও দলনিরপেক্ষ করতে প্রশাসন ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সেনাবাহিনী মোতায়েনের ক্ষেত্রেও সরকার সহযোগিতা করবে।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মো. মাহমুদুন্নবীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষ হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ফুটবল টিমের মতো, কখনোই বিশ্বকাপে যেতে পারবে না। এ অঞ্চল থেকে নির্বাচিতরা কখনো সরকার গঠন করতে পারবেন না। নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করতে না পারায় স্বাভাবিকভাবে ওই এলাকা কিছুটা অবহেলিত থাকবে। এই বিষয়টি মাথায় রেখে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, নির্বাচিত এমপি থাকুক বা না থাকুক, প্রত্যেক জেলা যেন সুষম উন্নয়নের আওতায় আসে। এ জন্য ৩০ জন মন্ত্রীকে ৬৪ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে গাইবান্ধায় দায়িত্ব পালন করতে এসেছি।
তিনি আরো বলেন, দায়িত্ব পালনের সময় মাত্র সাত মাস হয়েছে। দেশের জনগণের ব্যাপক আশা-আকাঙ্ক্ষা রয়েছে। কারণ জনগণ তাদের অধিকার দিয়েছেন এবং তারা কাজ করছেন।
এর আগে সড়কপথে বগুড়ার শিবগঞ্জ থেকে গাইবান্ধা সার্কিট হাউসে আসেন প্রতিমন্ত্রী। পরে তিনি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভায় যোগ দেন। বিকালে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেন।







