বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি দল ও সংসদ সদস্য—দুই পদ থেকেই পদত্যাগ করতে যাচ্ছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি যেকোনো সময় পদত্যাগপত্র জমা দিতে পারেন। আজ বৃহস্পতিবারই পদত্যাগপত্র জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির এক শীর্ষ নেতা। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ফেরদৌস আহমেদ মিষ্টি সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। পাশাপাশি তিনি বিএনপি থেকেও পদত্যাগ করবেন।
বিএনপির ওই নেতা বলেন, ‘দলীয় সিদ্ধান্তেই তিনি পদত্যাগ করবেন। যেকোনো সময় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হতে পারে। আজ পদত্যাগপত্র দেওয়ার সম্ভাবনাই বেশি।’
গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর ফেরদৌস আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে। ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
এদিকে ফেরদৌস আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। কমিটি বিলুপ্তির পরপরই তার দল ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
দলীয় সূত্র বলছে, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় ফেরদৌস আহমেদ মিষ্টির পদত্যাগের সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।







