মৌলভীবাজারের বড়লেখা সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানের অনুমতি না পাওয়ার পর শহরের প্রাণকেন্দ্রে ছাত্র গণজমায়েতের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (২৬ সেপ্টেম্বর) শহরের নূরজাহান কমপ্লেক্সের সামনে এ গণজমায়েত অনুষ্ঠিত হচ্ছে। এতে নবীন ও প্রবীণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে বড়লেখা সরকারি কলেজ ক্যাম্পাসে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিল ছাত্রশিবির। তবে কলেজ কর্তৃপক্ষ ওই আয়োজনের অনুমতি দেয়নি বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে কলেজ ক্যাম্পাসের পরিবর্তে শহরের প্রাণকেন্দ্রে বড় পরিসরে ছাত্র গণজমায়েতের আয়োজন করে সংগঠনটি। আয়োজনে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে, ছাত্রশিবিরের এ আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেছেন মাসুম আহমেদ। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কলেজ ক্যাম্পাসে নবীনবরণের অনুমতি না দেওয়া হলেও সংগঠনটি বিকল্পভাবে বড় পরিসরে গণজমায়েতের আয়োজন করেছে।
আয়োজকদের দাবি, নবীনবরণকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে ডাকসু ভিপি সাদিক কায়েমও উপস্থিত ছিলেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।







