ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আমেরিকান কনস্টিটিউশন ডে’ উদযাপনকে কেন্দ্র করে মশাল মিছিল ও দেয়াল লিখনের কর্মসূচির কথা জানিয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাতে মশাল মিছিল হবে। বৃষ্টি হলেও মশাল জ্বলবে এবং মিছিল হবেই।
রায়হান উদ্দীন তার পোস্টে দাবি করেন, বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘আমেরিকান কনস্টিটিউশন ডে’ উদযাপন করা হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি আরও লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্কিন সাম্রাজ্যবাদ কায়েমের অপচেষ্টা’ করা হচ্ছে—এমন অভিযোগ তুলে সম্মিলিত বামজোটের পক্ষ থেকে বিবৃতি, মশাল মিছিল ও দেয়াল লিখনের কর্মসূচি নেওয়া হবে।
রায়হান উদ্দীন জানান, মশাল মিছিল অনুষ্ঠিত হলে তিনিও এতে অংশ নেবেন।
এর আগে বৃহস্পতিবার সকালে ঢাবির আইন অনুষদের উদোগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবদুস সালামসহ সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক ও শিক্ষার্থীরা।







