সড়কের গর্তে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ

Post Image

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া ও অতিরিক্ত ওজনের যানবাহন চলাচলে চট্টগ্রামের লোহাগাড়ার গুরুত্বপূর্ণ দরবেশহাট-ডিসি সড়কটি বেহাল হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বড় বড় গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সড়কের এমন দুরবস্থার প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। সম্প্রতি পুটিবিলা হাজির রাস্তা এলাকায় সড়কের একটি বড় গর্তে জমে থাকা পানিতে ধানের চারা রোপণ করেন তারা। এভাবে সড়কটির বেহাল চিত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় পিচ উঠে গিয়ে বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ ও বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি ও কাদা জমে চলাচল কঠিন হয়ে পড়ে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন রোগী ও স্বজনরা। বিশেষ করে প্রসূতি নারীদের এই সড়ক দিয়ে হাসপাতালে নেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি কাদা-পানি মাড়িয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেতে গিয়ে শিক্ষার্থীদের পোশাক নষ্ট হচ্ছে।

স্থানীয়দের আরও অভিযোগ, গাছ, বাঁশ ও বালুবাহী অতিরিক্ত ওজনের ট্রাক নিয়মিত চলাচল করায় সড়কটি দ্রুত নষ্ট হচ্ছে। এতে সংস্কারের পরও সড়কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

পুটিবিলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইকবাল বলেন, সড়কটি দিয়ে চলাচল করা খুব কঠিন হয়ে পড়েছে। এলাকার মানুষ প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন। সড়কের বড় বড় গর্তের বিষয়ে উপজেলা প্রশাসনকে অবগত করেছেন বলেও জানান তিনি।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ জানান, সড়কটি মেরামতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা রয়েছে। দ্রুত সংস্কারকাজ শুরু হবে বলেও জানান তিনি।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত দরবেশহাট-ডিসি সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। পাশাপাশি অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণেরও দাবি জানিয়েছেন তারা।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

অপহরণের ৬ ঘণ্টা পর ৯ মাস বয়সী শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীতে চলন্ত বাসে আগুন

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মধ্যরাতে মোহাম্মদপুরে বাসে আগুন

ঢাকার মেঘলা আকাশ, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

সর্বাধিক পঠিত