জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরকে ‘বেয়াদব’ আখ্যা দিয়েছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। গুমের শিকার ও ভুক্তভোগী মানুষদের নিয়ে আসিফ আকবর ‘বেয়াদবি’ করেছেন বলে অভিযোগ করেন তিনি।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত পূর্বে ধারণকৃত এক লাইভ ভিডিওতে এসব কথা বলেন তারেক রহমান।
ভিডিওতে তারেক রহমান বলেন, আসিফ আকবর একটি বক্তব্যে গুমের ঘটনা নিয়ে কথা বলেছেন এবং সংবিধান নিয়ে আলোচনা করেছেন। তবে কার উদ্দেশ্যে তিনি এসব বলেছেন, তা প্রকাশ করার সাহস দেখাননি বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, “গুম হওয়া মানুষ নিয়ে কখনোই বেয়াদবি করবেন না।” একই সঙ্গে দেশের গুমের ঘটনায় ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি সংবেদনশীল থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান তার বক্তব্যে আসিফ আকবরের ভারতে যাওয়ার একটি ঘটনাও তুলে ধরেন। তার দাবি, শেখ হাসিনার শাসনামলে ভারতের আগ্রাসনবিরোধী আন্দোলন এবং ভারতীয় পণ্য ও সংস্কৃতি বর্জনের কর্মসূচি চলাকালে আসিফ আকবর ভারতে গান গাওয়ার জন্য গিয়েছিলেন।
তারেক রহমানের ভাষ্য, ওই সময় আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতে একটি গানের অডিশনে যাওয়ার কথা জানিয়েছিলেন। এ নিয়ে অনেকে সমালোচনা করলে তাদের সঙ্গে আসিফ আকবরের বিরূপ আচরণ ও গালিগালাজের অভিযোগও করেন তিনি। তিনি বলেন, সে সময় আন্দোলনকারীদের কাছে আসিফ আকবরকে ‘দালাল’ ও ‘চাটুকার’ হিসেবে দেখা হতো। বর্তমানে আসিফ আকবর অন্যদের দালাল বা চাটুকার বললেও অতীতে তার ভূমিকা নিয়েই প্রশ্ন রয়েছে বলে দাবি করেন তারেক রহমান।
তারেক রহমান তার বক্তব্যের পক্ষে আসিফ আকবরকে চ্যালেঞ্জও ছুড়ে দেন। পাশাপাশি গুমের শিকার ও ভুক্তভোগী মানুষদের নিয়ে কোনো ধরনের তামাশা বা বিদ্রূপ না করার আহ্বান জানান তিনি।
এ সময় আওয়ামী লীগের ছত্রছায়ায় কুমিল্লায় আসিফ আকবরের একটি বাংলা রেস্টুরেন্ট ভালো চলছিল বলেও অভিযোগ করেন তারেক রহমান। তার দাবি, বর্তমানে আসিফ আকবর নিজেকে বড় ভারতবিরোধী হিসেবে উপস্থাপন করছেন।
বক্তব্যের একপর্যায়ে আসিফ আকবরের মতো ব্যক্তিদের ভূমিকা নিয়ে ক্রিকেটের প্রসঙ্গও টানেন তারেক রহমান। তার অভিযোগ, তাদের মতো মানুষদের কারণেই বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে খেলতে পারেনি। এ ছাড়া আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বয়কট করার ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি।







