মন্ত্রিপরিষদে নিয়োগ পাওয়া নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে। সেই সঙ্গে একটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী Rules of Business, 1996 এর Rule 3(iv) অনুযায়ী মন্ত্রী এবং প্রতিমন্ত্রিদের মধ্যে দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত মন্ত্রী ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং নবনিযুক্ত মন্ত্রী সাচিং প্রু’কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নবনিযুক্ত মন্ত্রী আন্দালিব রহমান। পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া নবনিযুক্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নবনিযুক্ত প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন তিনি। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। পরবর্তীতে মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হওয়া ৫ জন ছাড়াও প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া একজনসহ মোট ৬ জনকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।







