যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের আয়োজিত একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়ে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন শামীম ওসমান। বিক্ষোভের মুখে সভাস্থল ছাড়তে হয়েছে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের এই নেতাকে।
স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) রাতে নিউইয়র্কের ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় এ ঘটনা ঘটে। শামীম ওসমানের উপস্থিতির খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ মিছিল বের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ আগস্ট উপলক্ষে ওই এলাকায় স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে শামীম ওসমানের উপস্থিত থাকার কথা ছিল। বিষয়টি জানতে পেরে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল ও যুবদলের শতাধিক নেতাকর্মী সেখানে জড়ো হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীরা শামীম ওসমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকলে একপর্যায়ে সভাস্থলের আশপাশে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় শামীম ওসমান দ্রুত সভাস্থল ত্যাগ করেন।
স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মির্জা জানান, তার নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত রয়েছে। আওয়ামী লীগের কোনো নেতাকেই ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
নিউইয়র্কের ওই বিক্ষোভে বাদল মির্জার পাশাপাশি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, বিএনপি নেতা সালেহ আহমদ মানিক, কচি, গোলাম মাহমুদ, হাসান, সাইফুল ও মুন্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







