আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমীর হামজার পক্ষে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া পৌরসভার ২৩ নং মোল্লাতেঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি আমীর হামজা বলেন, সমাজে নারী অধিকার নিশ্চিত করতে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তিনি আগামীর সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষে ভোটারদের কাছে 'দাঁড়িপাল্লা' প্রতীকে ভোট প্রার্থনা করেন। একইসাথে তিনি চলমান গণভোটে দেশের স্থিতিশীলতার পক্ষে ‘হ্যাঁ’ সূচক মতামত প্রদানের জন্য উপস্থিত নারীদের প্রতি আহ্বান জানান।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। আমরা কুষ্টিয়ার প্রতিটি ঘরে ঘরে ইনসাফের বার্তা পৌঁছে দিতে চাই।
কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক তার বক্তব্যে বলেন, মহিলা জামায়াতের কর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, সাধারণ মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে। সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কুষ্টিয়া পৌর এলাকার ২১ নং ওয়ার্ডসহ পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক নারী কর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে বিদ্যালয় মাঠ মুখরিত হয়ে ওঠে।







