কখনো শুনেছেন শিরোপা জেতার পর ট্রফি উঁচিয়ে ধরতে খেলোয়াড়দের ঘাম ঝরেছে? বেশিরভাগ মানুষের উত্তর হবে ‘না’। তবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এমন এক শিরোপা জিতেছে যার ট্রফি উঁচিয়ে ধরা ছিল রীতিমতো অসম্ভব। কারণ ট্রফিটির ওজন ছিল ৪০ কেজি।
দেপোর্তিভো লা করুনার ঘরের মাঠ রিয়াজোরে তাদেরকে ১-০ গোলে হারিয়ে ১০ম বারের মতো তেরেসা হেরেরা ট্রফি জিতে রিয়াল মাদ্রিদ। তবে মাঠের লড়াইয়ে জয় যতটা কঠিন ছিল, পুরস্কারটি উঁচিয়ে ধরা যেন ছিল তার চেয়েও বেশি কষ্টসাধ্য।
ইউক্রেনের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘ট্রিবিউনাডটকম’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, টুর্নামেন্টের ঐতিহ্য অনুযায়ী খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় লা করোনার আইকনিক লাইটহাউসের আদলে তৈরি সেই বিখ্যাত ‘তোরে দে হারকিউলিস’ ট্রফি, যা ১৯৭০ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে।
২০১০ সালে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমটি আরও জানায়, বিশাল এই রুপালি শিরোপাটি মাটি থেকে তুলতেই রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে রিয়াল অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে এবং গোলকিপার আন্দ্রে লুনিনকে। কারণটি তেরেসা হেরেরা ট্রফিটির ওজন অবিশ্বাস্যভাবে ৪০ কেজি।
টাওয়ার হারকিউলিসের আদলে গড়া এবং সোনা ও রুপার প্রলেপযুক্ত এ ট্রফিটি স্প্যানিশ ফুটবলের অন্যতম আকর্ষণীয় ও স্বতন্ত্র পুরস্কার হিসেবে পরিচিত। দেপোর্তিভো লা করোনা এই সর্বোচ্চ ২৬ বার জিতেছে তেরেসা হেরেরা শিরোপা।







