সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মিশরের বিপক্ষে জেতা ম্যাচের শুরুর একাদশে কোনো পরিবর্তন আনেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।
অন্যদিকে, সুইজারল্যান্ড তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। কলম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা মিডফিল্ডার অ্যারডন জাশারির জায়গায় এবার খেলবেন জিব্রিল সো। এই সিদ্ধান্ত নিয়েছেন সুইস কোচ মুরাত ইয়াকিন।
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। এরই মধ্যে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে ইংলিশরা।
দুই দলের পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত সাতবার মুখোমুখি লড়াইয়ে সুইজারল্যান্ড একবারও আর্জেন্টিনাকে হারাতে পারেনি। পাঁচটি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সুইসদের সেরা ফল এসেছে ১৯৯০ ও ২০০৭ সালে, দুটি ম্যাচই ১-১ গোলে ড্র হয়েছিল। তবে বাকি পাঁচটি দেখায় জয়হীনই থেকেছে তারা।
আর্জেন্টিনার একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
সুইজারল্যান্ডের একাদশ:
গ্রেগর কোবেল, ডেনিস জাকারিয়া, নিকো এলভেদি, ম্যানুয়েল আকানজি, রিকার্ডো রদ্রিগেজ, রেমো ফ্রেউলার, গ্রানিত জাকা, ড্যান এনদোয়ে, জিব্রিল সো, ফ্যাবিয়ান রাইডার ও ব্রিল এমবোলো।







