জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক দেওয়া একটি অশ্লীল পোস্টকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। পোস্টটিকে অশ্লীল ও জুলাই আন্দোলনকে অবমাননাকর আখ্যা দিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। সমালোচনা বাড়তে থাকলে পরে তিনি পোস্টটি সরিয়ে নেন।
আজ শনিবার (৪ জুলাই) অভিনেত্রী শাওনের ফেসবুক একাউন্টে দেওয়া ওই পোস্টটি খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার পর জুলাই আন্দোলনকে অবমাননা, অপপ্রচার এবং অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ওই পোস্টে তিনি লেখেন, গত এক বছর ধরে ফেসবুকে #জুলাইCDI শব্দটি তার নজরে আসছে। আমি লক্ষ্য করেছি, শুধু জুলাই মাসেই নয়, বরং বছরজুড়েই পরিচিত-অপরিচিত অনেকেই এই শব্দটি ব্যবহার করছেন।
‘প্রথম প্রথম ভেবেছিলাম #জুলাইCDI কোনো একটা ট্রেন্ড। শুধুমাত্র জুলাই মাসেই হয়তো তারা #জুলাইCDI লেখে; কিন্তু একটু খেয়াল করে দেখলাম সারাবছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে #জুলাইCDI! তখন বুঝতে পারলাম যে #জুলাইCDI শুধু জুলাই মাসে না, যেকোনো সময় #জুলাইCDI লেখা যায়।’
শব্দটির বিভিন্ন প্রসঙ্গে ব্যবহারের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় #জুলাইCDI তেমনি মন খুব ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে #জুলাইCDI লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায় #জুলাইCDI তেমনি কারো ওপর ভীষণ রেগে গেলেও #জুলাইCDI লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না মন্দ আপনি বুঝতে পারছেন না, তখনও আপনি #জুলাইCDI লিখতে পারেন।’
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘আমার বাবা এতোকিছু ভেবে কাজ নেই। আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম #জুলাইCDI…।’
এদিকে, জুলাই আন্দোলনকে অবমাননা, অপপ্রচার এবং অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগটি তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, ১ হাজার ৪০০-এর বেশি শহীদ এবং ৩০ হাজারেরও বেশি আহত মানুষের আত্মত্যাগের বিনিময়ে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে জুলাই আন্দোলন ও এর স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।







