মুশফিককেও কোচিংয়ে আনতে চায় বিসিবি

Post Image

ঘরোয়া ক্রিকেট ইতি টানার আগেই কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন বলে যুব দল ও ‘এ’ দলের সঙ্গে পরামর্শক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। একই পথে মুশফিকুর রহিমকেও কাজে লাগাতে চায় বিসিবি। মুশফিক অবশ্য বিপিএল, ডিপিএলের পাশাপাশি এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।

অবসরের পর মুশফিককে কোচিংয়ে নিয়ে আসতে চান জানিয়ে ক্রিকবাজকে বিসিবি পরিচালক ফাহিম সিনহা বলেন, ‘মাহমুদউল্লাহ, মুশফিক—যারা আমাদের দেশের হয়ে এত দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলেছে, তাদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব।’

তবে বিসিবির চাওয়াতেই সব হবে না, মুশফিক কোচিংয়ে যুক্ত হতে আগ্রহী হলেই তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। ফাহিম আরও বলেন, ‘যদি মুশফিক কোচিংয়ে আগ্রহী হন কিংবা ক্রিকেটের সঙ্গে কাজ করতে চান, তাহলে আমরা অবশ্যই তাকে যুক্ত করতে চাই।’

মুশফিককে কোচিংয়ে যুক্ত করতে চাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এত বছরের অভিজ্ঞতা এবং আধুনিক ক্রিকেটকে কাছ থেকে দেখার সুযোগ; এসব আমাদের ক্রিকেটের জন্য অনেক মূল্যবান। তাকে যদি আমরা বিসিবির সঙ্গে যুক্ত করতে না পারি, সেটি আমাদের ব্যর্থতা হবে।’

এদিকে আঞ্চলিক কোচদের মান উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়েছে বিসিবি। এই বোর্ড পরিচালক জানান, ‘আমরা তিন সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করছি। মোহাম্মদ সালাহউদ্দিন, মিজানুর রহমান বাবুল এবং সোহেল ইসলাম এই মূল্যায়নের দায়িত্বে থাকবেন।’

তিনি আরও বলেন, ‘কেপিআই (কী পারফরম্যান্স ইন্ডিকেটর) বাস্তবায়নের পর থেকেই কোচদের পারফরম্যান্স মূল্যায়নের একটি নির্দিষ্ট প্রক্রিয়া চালু হবে। সিনিয়র কোচরা জেলা ও বিভাগীয় কোচদের তদারকি করবেন। আমরা এমন একটি কাঠামো তৈরি করতে চাই, যেখানে বিসিবির অধীনে থাকা সব কোচ কেপিআইয়ের আওতায় আসবেন।’

এছাড়া আঞ্চলিক পর্যায়ের কোচদের পারিশ্রমিক বাড়ানো হবে বলেও জানান ফাহিম, ‘বেতন কাঠামোতে পরিবর্তন আনা হবে। আমাদের পরিকল্পনা অনুযায়ী জেলা কোচদের বর্তমান বেতনের তুলনায় অন্তত ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হবে। সেখানে তিনটি গ্রেড থাকবে। যোগ্যতার ভিত্তিতে গ্রেড নির্ধারণ করা হবে এবং শুরু থেকেই তারা ভালো বেতন পাবেন।’

সর্বশেষ খবর

মুশফিককেও কোচিংয়ে আনতে চায় বিসিবি

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ডের সামনে কলম্বিয়া

শেষ ষোলোর লাইনআপ চূড়ান্ত হলো, দেখে নেন কখন কোথায় ম্যাচ

নকআউটে কোনো কিছুই ফ্রি-তে আসে না: মেসি

‘আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়েছিলাম’মেসির স্বীকারোক্তি

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়—কী বললেন স্কালোনি

রোনালদোর পর রামোসের শেষ মুহূর্তের আঘাত, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল