দেশে বর্তমানে কতজন ইমাম ও মুয়াজ্জিন কর্মরত আছেন, এর সুনির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই বলে সংসদে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি ২০২০ সালের একটি হিসাবের উল্লেখ করে বলেন, দেশে তখন মসজিদের সংখ্যা ছিল ৩ লাখ ৩১ হাজার ১২৫। এ হিসাবে ইমাম ও মুয়াজ্জিনের সংখ্যা প্রায় ৬ লাখ ৬২ হাজার ২৫০ জন হতে পারে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য (এমপি) মাজেদুর রহমানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
ধর্মমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত ১২ হাজার ৮১০ জনকে এ ভাতার আওতায় আনা হয়েছে।
কুমিল্লা-৪ আসনের হাসনাত আবদুল্লাহর প্রশ্নে ধর্মমন্ত্রী বলেন, অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকাভুক্তকরণ, আদালতে মামলা এবং ওয়াকফ অধ্যাদেশ, ১৯৬২-এর ৬৪ ধারার আওতায় জেলা প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে উদ্ধার করা সম্ভব। গত এক বছরে অবৈধ দখলদারদের হাত থেকে ১৫১ দশমিক ১৭৯৫ একর ওয়াকফ সম্পত্তি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।
হাসনাত জানতে চান, গত এক বছরে প্রভাবশালী ভূমিদস্যুদের কাছ থেকে সরকারি তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি এবং সনাতন ধর্মাবলম্বীদের দেবোত্তর সম্পত্তি কী পরিমাণ উদ্ধার করা হয়েছে। তবে গত এক বছরে সরকারি তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি ও সনাতন ধর্মাবলম্বীদের দেবোত্তর সম্পত্তির কতটুকু বাস্তবে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে মন্ত্রী নির্দিষ্ট কোনো পরিসংখ্যান দেননি।
একই প্রশ্নোত্তরে ধর্মমন্ত্রী বলেন, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সারা দেশে ৭ হাজার ৪০০টি মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এবং পুরোহিত-সেবাইত প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে। তবে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কোনো অনুরূপ প্রকল্প না থাকায় এ ধরনের কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনা করা সম্ভব হয়নি।
সিরাজগঞ্জ-৪ আসনের সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ প্রকল্পের আওতায় দেশে মোট ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৩৪২টির নির্মাণকাজ শেষ হয়েছে এবং ১৮৬টির কাজ চলমান।
ঢাকা-৪ আসনের সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকদের মাসিক সম্মানী বর্তমানে ৬ হাজার টাকা। প্রকল্পের ডিপিপি অনুযায়ী ধাপে ধাপে তা বৃদ্ধি করে ২০২৯-৩০ অর্থবছরে সাড়ে ৭ হাজার টাকা করা হবে।
কক্সবাজার-৩ আসনের সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৮ হাজার ৬০০ জন কম হজযাত্রী সৌদি আরবে গেছেন। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন।







