সমালোচনার পাহাড় ডিঙিয়ে ইতিহাসের চূড়ায় রোনালদো, পর্তুগালের জয়োৎসব

Post Image

সমালোচনার পাহাড় জমেছিল তার সামনে। কেউ বলছিলেন সময় ফুরিয়েছে, কেউ লিখে ফেলেছিলেন শেষ অধ্যায়ের উপসংহার। প্রতিপক্ষের তীক্ষ্ণ দৃষ্টি, গ্যালারির সংশয় আর চারপাশের অবিশ্বাস মিলে যেন তাকে দাঁড় করিয়ে দিয়েছিল এক নির্মম বিচারের কাঠগড়ায়।

কিন্তু কিছু মানুষ সময়ের নিয়ম মেনে চলেন না, বরং সময়কেই বাধ্য করেন তাদের গল্প মনে রাখতে। যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, যখন পৃথিবী বিশ্বাস হারিয়ে ফেলে, তখনই তারা বুকের ভেতর জমিয়ে রাখা আগুনটাকে জ্বালিয়ে দেন নতুন করে। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা, অদম্য আত্মবিশ্বাস আর হারার আগে হার না মানার মানসিকতা নিয়ে আবারও উঠে দাঁড়ান তারা।

ক্রিশ্চিয়ানো রোনালদো সেই বিরল মানুষদের একজন। বয়স তার শরীরে সংখ্যা লিখেছে, কিন্তু স্বপ্নের পাতায় নয়। তাই সমালোচনার ঝড়, সময়ের নিষ্ঠুরতা আর সন্দেহের অন্ধকার পেরিয়ে তিনি আবারও মনে করিয়ে দিলেন, কিংবদন্তিরা হারিয়ে যান না, তারা ফিরে আসেন ইতিহাসের নতুন অধ্যায় লিখতে।

সেই অধ্যায়টা হিউস্টনে লিখলেন অজুত নিযুত ঘামবিন্দু ঝরিয়ে। রোনালদো হাসলেন। হাসল তার দল পর্তুগাল। উজবেকিস্তানকে গোলে ভাসিয়ে ৫-০ গোলে জয় পেয়েছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ড্রয়ের পর পুরো পর্তুগাল সংশয়ে পড়ে গিয়েছিল। সংশয়ের সেই কালো মেঘ সরিয়ে হিউস্টনের আকাশে বিজয়ের রংধনু ছড়ালেন দলনেতা ক্রিশ্চিয়ানো রোনালদো। 

রোনালদো গোল করলেন। জোড়া গোল। তাতেই লিখা হয়ে গেল ইতিহাস। ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অকল্পনীয় রেকর্ড গড়লেন। ২০০৬ সালে ২১ বছর বয়সে বিশ্বকাপ খেলা শুরু। এরপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬…প্রতিটি আসরে গোল করে রোনালদো নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়। মেসিরও বিশ্বকাপের সংখ্যা ছয়। কিন্তু ২০১০ সালে পাঁচ ম্যাচ খেলেও মেসি গোল করতে পারেননি। সেই মেসিই এখন ১৮ গোল করে বিশ্বকাপে সর্বাধিক গোলের মালিক। আজকের জোড়া গোলে রোনালদোর গোল সংখ্যা দুই অঙ্কের ঘর ছুঁয়ে ফেলল।

রোনালদোর জোড়া গোলের পাশাপাশি নুনো মেন্ডেস, রাফায়েল লিয়াওয়ের গোল পেয়েছেন। এছাড়া আরেকটি গোল তাদের খাতায় যুক্ত হয়েছে গোলকিপার আবদুভোহিদ নেমাতভের আত্মঘাতী গোলে।

রোনালদোর নিজেকে ফিরে পাওয়ার দিনে হয়তো আক্ষেপ হয়ে থাকতে পারে তার হ্যাটট্রিক। সুযোগও সৃষ্টি হয়েছিল। প্রথমার্ধের শেষে একবার। দ্বিতীয়ার্ধের শেষে একবার এবং সবচেয়ে ভালো সুযোগটি এসেছিল ম্যাচের ৭৩ মিনিটে। যেখানে তার শট ঠেকিয়ে দেন নেমাতভেব। 

টানা ১০ ম্যাচ গোলশূন্য থাকার পর অবশেষে জালের দেখা পেলেন রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে সমালোচকদের জবাব দেন পর্তুগাল অধিনায়ক। ডান প্রান্ত থেকে জোয়াও কানসেলোর  বাড়ানো বল ধরে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি। এটি ছিল জাতীয় দলের জার্সিতে রোনালদোর ১৪৪তম গোল।

১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় দলটি। বলের পাশে দাঁড়িয়ে ছিলেন রোনালদো ও নুনো মেন্দেস। কে শট নেবেন, তা নিয়ে ছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে শট নেন নুনো। আর তার দারুণ বাঁকানো প্রচেষ্টা জড়িয়ে যায় জালে।

তবে দ্বিতীয় গোলের জন্য রোনালদোকে বেশি অপেক্ষা করতে হয়নি। ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো বল থেকে নিয়ন্ত্রিত শটে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। ব্রুনো ও রোনালদোর সম্পর্ক নিয়ে যে কানাঘুষা চলছিল, এই গোল আর সেই অ্যাসিস্ট যেন এক মুহূর্তেই সব আলোচনা থামিয়ে দিল।

৩-০ গোলের লিড নিয়ে রোনালদোদের বিরতিতে যাওয়া। অবশ্য একটি গোল তারা হজম করেছিল। ২০ গজ দূর থেকে শট নিয়েছিলেন আজিজ গানিয়েভ। কিন্তু ভিএআর পর্যালোচনায় তা বাতিল হয়। 

দ্বিতীয়ার্ধে সবার চোখ ছিল রোনালদোর হ্যাটট্রিকে। গুনেগুনে রোনালদো তিন গোল দিতে পারেননি। তবে চেষ্টা করেছিলেন। সতীর্থরাও এগিয়ে এসেছেন। কিন্তু অপূর্ণতা ছিল। তবে ২ গোল করে জয়ের ব্যবধান বাড়িয়ে নিয়েছে পর্তুগাল। ৬০ মিনিটে গোলকিপার আবদুভোহিদ নেমাতভের আত্মঘাতী গোলে সমীকরণ হয়, ৪-০। এরপর বদলি হিসেবে নামা রাফায়েল লিয়াওয়ের গোল করে দলের উৎসব আরও বাড়িয়ে দেন। 

ম্যাচটা ছিল রোনালদোময়। গোল করে দুইবারই রোনালদোর মুখ থেকে বেরিয়ে এসেছে, ‘আই অ্যাম ব্যাক।’ দুইবারই সিউউউ উদযাপন করেছেন। মেসি ৫ গোল করে বিশ্বকাপকে ভিন্ন রঙ দিয়েছেন। এমবাপ্পে ও হ্যালান্ডরা গোল করে নিজেদের সামর্থ্য ফুটিয়ে তুলেছেন। রোনালদো দেখালেন নিজের কারিশমা। বিশ্বকাপ পেল পূর্ণতার রঙ।

সর্বশেষ খবর

পানামাকে বিদায় করে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া

সমালোচনার পাহাড় ডিঙিয়ে ইতিহাসের চূড়ায় রোনালদো, পর্তুগালের জয়োৎসব

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বয়স্ক একাদশ নিয়ে খেলেছে ইরান

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

এমবাপ্পের জোড়া গোল, ফ্রান্সের দাপুটে জয়

মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

সর্বাধিক পঠিত