প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ১০টায় ভারী বৃষ্টি, ছাতা মাথায় কক্সবাজারের প্রকৃতি তাকে বরণ করে নেয়। তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা তাকে স্বাগত জানান।
জানা যায়, দিনব্যাপী প্রায় ১২ ঘণ্টার এই সফরে প্রধানমন্ত্রী ১১টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। তার আগমনকে কেন্দ্র করে পুরো কক্সবাজার জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত সমুদ্র তীরবর্তী এই জনপদ।
সফরসূচি অনুযায়ী, কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি তিনি যাবেন পিএমখালী এলাকায়। সেখানে তার পিতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে স্থানীয় জনগণের উদ্দেশে এক পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
পরে প্রধানমন্ত্রী পরিদর্শনে যাবেন ডুলাহাজারা সাফারি পার্ক। পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী যাবেন পেকুয়া। সেখানে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
পেকুয়া সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পাশাপাশি মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিকেলে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জনসভাকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
জনসভা শেষে তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত এলাকা পরিদর্শন করবেন। সফরের শেষ পর্যায়ে কক্সবাজারের হোটেল লং বিচ অডিটরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সব কর্মসূচি শেষে রাত প্রায় ১০টার দিকে আকাশপথে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কক্সবাজারজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনগণের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিন পর এত বড় রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে নতুন প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার।







