চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদ্য ঘোষিত আহবায়ক কমিটি থেকে প্রায় ৪০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন একাধিক যুগ্ম আহবায়ক, যুগ্ম সদস্য সচিব, সহ সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সদস্যবৃন্দ।
পদত্যাগী নেতৃবৃন্দের অভিযোগ, নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদসমূহে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। এছাড়াও কমিটির একাধিক দায়িত্বশীল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, টাকার বিনিময়ে পদ বাণিজ্য, নারী কেলেঙ্কারির সাথে সম্পৃক্ততা এবং মামলা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের গুরুতর অভিযোগ রয়েছে।
পদত্যাগী নেতারা জানান, আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা থেকে তারা এনসিপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক কমিটি গঠন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তাদেরকে চরমভাবে হতাশ করেছে। এমন পরিস্থিতিতে নিজেদের রাজনৈতিক ও নৈতিক অবস্থান পরিষ্কার রাখতেই তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তারা আরও বলেন, রাজনৈতিক সংগঠনে দুর্নীতি, অপকর্ম ও ব্যক্তি স্বার্থের চর্চা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ভবিষ্যতেও তারা জনস্বার্থ, ন্যায়বিচার ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে কাজ করে যাবেন।







