দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতাকল শনিবার (০৯ মে) স্থানীয় সময় বিকেলে আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবার, স্থানীয় সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ওই যুবকের নাম সুমন মিয়া।
তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামের মইজ উদ্দিনের ছেলে। সুমন দীর্ঘ ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান এবং সেখানে ব্যবসা শুরু করেন।
নিহত সুমনের সহকর্মীরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সুমনের পরিবার জানায়, শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকেলে দক্ষিণ আফ্রিকায় কেনাকাটা শেষে নিজ গাড়ি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন সুমন।
সেসময় নিউ ক্যাসেল এলাকায় পৌঁছালে গাড়ির ভেতরে বসে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুমন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।







