ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে হঠাৎ গুলির শব্দে চরম নিরাপত্তা আতঙ্ক তৈরি হয়। ওই সময় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
বিবিসি জানায়, অনুষ্ঠান চলার সময় ভেন্যুর ভেতরে হঠাৎ বিকট শব্দ শোনা গেলে অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায় এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
একাই হামলার চেষ্টা
ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে হামলাকারী একাই এই ঘটনা ঘটিয়েছে। একই তথ্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফরি ক্যারলও। তিনি বলেন, ‘এটি একটি লোন অ্যাক্টর বা একক হামলাকারীর ঘটনা বলে মনে হচ্ছে।’







