অধ্যাপক ডা. কামরুল ইসলাম দেশের শুধু একজন বিশেষজ্ঞ চিকিৎসকই নন; তিনি অসহায় ও গরিবের বন্ধু, মানবিক ডাক্তার হিসেবে সর্বমহলে পরিচিত ও প্রশংসিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
চাঁদাবাজদের কঠোর হাতে দমন করা সময়ের দাবি উল্লেখ করে তিনি অপরাধীদের দৃশ্যমান শাস্তি দাবি করেছেন।
শনিবার (১১ এপ্রিল) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।
পোস্টে শফিকুর রহমান বলেন, ‘অধ্যাপক ডা. কামরুল ইসলাম দেশের শুধু একজন বিশেষজ্ঞ চিকিৎসকই নন; তিনি অসহায় ও গরিবের বন্ধু, মানবিক ডাক্তার হিসেবে সর্বমহলে পরিচিত ও প্রশংসিত। দীর্ঘদিন ধরে একটি অশুভ চাঁদাবাজ চক্র রাজনৈতিক খুঁটির জোরে তাঁর কাছে চাঁদা চেয়ে আসছিল। তিনি অবৈধ চাঁদা দিতে বরাবরই অপারগতা প্রকাশ করেছেন।’
‘শেষ পর্যন্ত চাঁদাবাজরা এমন একজন জ্যেষ্ঠ, প্রথিতযশা, মানবিক চিকিৎসককেও সম্মান দেখাতে ব্যর্থ হলো।
তার সঙ্গে গর্হিত আচরণ করল।
জামায়াতে আমির আরো বলেন, ‘প্রশ্ন হলো—এ রকম অধ্যাপক ডা. কামরুল ইসলামদের সামাজিক সেবা থেকে কারা জনগণকে বঞ্চিত করছে, তা দিবালোকের মতোই পরিষ্কার। এই দুষ্টদের কঠোর হস্তে দমন করা সময়ের দাবি, জনতার দাবি। আমরা এ দাবির দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘অধ্যাপক ডা. কামরুল ইসলাম সাহেবের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা তার মর্যাদা আরো বাড়িয়ে দিন এবং দুষ্টচক্রকে তাদের পাওনা বুঝিয়ে দিন। আমিন।’







