মার্কিন-ইসরাইলি যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এর জেরে একের পর এক পাল্টা হামলা চালাচ্ছে ইরান, যা অঞ্চলজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।
রোববার (১ মার্চ) সংযুক্ত আরব আমিরাত-এ ইরানের হামলায় তিনজন নিহত এবং অন্তত ৫৮ জন হালকা আহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল।
এদিকে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে হামলার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘এই অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে’ একজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের আল-আদান হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরাইলের বেইত শেমেশ শহরে অন্তত আটজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন।
জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত ওই শহরে হামলার তথ্য জানিয়েছে একটি জরুরি চিকিৎসা সেবা সংস্থা।
টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র জাকি হেলার বলেন, ‘বেইত শেমেশে সরাসরি আঘাতে (ক্ষেপণাস্ত্রের) চারজন নিহত হয়েছেন।’ তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। আর আল জাজিরা ৮ জন নিহতের খবর দিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসক দল এবং হতাহতদের সরিয়ে নিতে একটি হেলিকপ্টার কাজ করছে।







