সিরাজগঞ্জের কামারখন্দয় জামায়াতের নির্বাচন অফিসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় শনিবার (৩১ জানুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও জামায়াত ইসলামীর নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৩টায় উপজেলার জামতৈল ইউনিয়নের জামতৈল গ্রামে জামায়াত ইসলামীর নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কামারখন্দ উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা ইউসুফ আলী জানান, আমাদের অন্যান্য নির্বাচনী অফিসের মতো জামতৈল গ্রামের এই অফিসেও নিয়মিত নির্বাচনী কার্যক্রম চলে আসছিল। হঠাৎ শুক্রবার দিবাগত রাতে ৩টার দিকে দুর্বৃত্তরা ওই অফিসের বেড়া ও আসবাবপত্রগুলো আগুনে পুড়িয়ে দিয়ে পালিয়ে যায়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের শনাক্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কামারখন্দ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন জানান, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া সম্পূর্ণভাবে আচরণবিধি লঙ্ঘন। ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে রিপোর্ট করা হবে বলে জানান তিনি।







