জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বই লেখার কাজ শুরু করেছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। সম্প্রতি তার সেই বই লেখার কাজ শেষ হয়েছে। ‘জুলাই রেভলিউশন অ্যান্ড ব্যাটল ফর জাস্টিস’ শিরোনামের বইটি শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে। বর্তমানে বইটির সম্পাদনার কাজ চলছে।
বইটি প্রকাশের বিষয়ে তাজুল ইসলাম বলেছেন, ‘এটা শুধু একটা বই নয়, এটা শহীদদের আমানত। ন্যায়বিচার যেন আর কখনো হারিয়ে না যায়, দুঃস্বপ্নগুলো যেন আর কখনো ফিরে না আসে, সেই আকাঙ্ক্ষা নিয়েই বইটি প্রকাশের পথে।’
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম লেখেন, “আমার জীবনের সবচেয়ে কঠিন, সবচেয়ে ভারী, কিন্তু সবচেয়ে পবিত্র দায়িত্বের স্মৃতি নিয়ে লেখা বইটির কাজ শেষ হলো। ‘জুলাই রেভলিউশন অ্যান্ড ব্যাটল ফর জাস্টিস’।”
তিনি বলেন, “জুলাই ২০২৪-এ আমরা যাদের হারিয়েছি, যারা রক্ত দিয়েছে, যারা গুলি-বন্দুকের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল, গুমের শিকার হয়ে যারা চিরদিনের জন্য হারিয়ে গেছে—এই বইটি তাদের জন্য।”
তিনি আরও বলেন, “আদালতে দাঁড়িয়ে, মামলার ফাইলে, সাক্ষীদের চোখের পানিতে যা দেখেছি, যা শুনেছি—তা যেন হারিয়ে না যায়, মানুষ ভুলে না যায়, সেজন্যই এই লেখা।”
তাজুল ইসলাম বলেন, “এটা শুধু একটা বই নয়, এটা শহীদদের আমানত। ন্যায়বিচার যেন আর কখনো হারিয়ে না যায়, দুঃস্বপ্নগুলো যেন আর কখনো ফিরে না আসে—সেই আকাঙ্ক্ষা নিয়ে বইটি প্রকাশের পথে। এখন সম্পাদনার কাজ চলছে। প্রকাশের খবর শিগগিরই জানাব আপনাদের, ইনশাআল্লাহ।







