বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষ

Post Image


রাজধানীর শেরেবাংলা নগরের বিএনপি বাজারে চাঁদা আদায় নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বাজার কমিটির অফিসকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে।

বৈঠকে এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষ চাঁদা আদায়ের অভিযোগ তোলে। এ সময় এক পক্ষের সদস্যরা নেতাদের প্রভাব ও হস্তক্ষেপ কমানোর আহ্বান জানান। নেতাদের প্রভাব কমলে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবেন বলে উল্লেখ করেন তারা। অন্যদিকে আরেক পক্ষের সদস্যরা অভিযোগ করেন, কিছু ব্যক্তি প্রভাব খাটালেও সংশ্লিষ্ট ব্যক্তিরা তা স্পষ্ট করে বলছেন না। এ সময় কারা জড়িত, তাদের নাম ও দলীয় পরিচয় উল্লেখ করার কথাও ওঠে।

বৈঠকে বাজারের সামনের সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানোর বিষয়েও আলোচনা হয়। এক পক্ষের অভিযোগ, বাজার কমিটি এসব জায়গা দখলমুক্ত রাখতে ব্যর্থ হয়েছে। জবাবে অন্য পক্ষের সদস্যরা বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশে ম্যাজিস্ট্রেট সপ্তাহে দুই দিন অভিযান চালিয়ে দোকানপাট উচ্ছেদ করেন। কিন্তু অভিযান শেষে কিছুক্ষণের মধ্যেই আবার দোকান বসে যায়। ফলে উচ্ছেদের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

বাজারের সীমানা নিয়েও দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। কমিটির এক সদস্যের দাবি, ফুটপাতের নির্দিষ্ট অংশ বাজারের সীমানার মধ্যে পড়লেও সড়কের ওপর দোকান বসালে সেগুলো সরাতে গেলে দোকানিরা সরকারি রাস্তার কথা বলে বাধা দেন। বাইরে বসা দোকানিদের অধিকাংশই বাজারের ব্যবসায়ী বলেও দাবি করেন তিনি। তবে বাজার কমিটি এসব দোকানির কাছ থেকে কোনো ভাড়া নেয় না বলে জানান।

বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, আগে কী হয়েছে, তার চেয়ে ভবিষ্যতে কীভাবে বাজার ও ফুটপাত দখলমুক্ত রাখা যাবে, সেটিই এখন মূল বিষয়। নিয়মিত উচ্ছেদ অভিযান চালানোর পরও কেন দোকানপাট আবার বসছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

পরে বাজার ও আশপাশের এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানোর কারণে ক্রেতারা বাজারে আসছেন না। বেশ কিছুদিন ধরে বাজারের অবস্থা খারাপ। ব্যবসায়ীদের ব্যবসায় মন্দা চলছে। অন্যদিকে সড়ক ও ফুটপাত দখলের কারণে এলাকাবাসী নাগরিক ভোগান্তিতে পড়ছেন। জনপ্রতিনিধি হিসেবে এসব সমস্যা দেখা তাদের দায়িত্ব।

ববি হাজ্জাজ বলেন, সামনে আরেকটি বড় সমস্যা দেখা যাচ্ছে। একটি গোষ্ঠী রাস্তায় নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটেছে এবং সরকার শক্ত হাতে তা দমন করেছে। বাজারের ভেতরে সুশৃঙ্খল পরিবেশ থাকলে সেখানে দুষ্কৃতকারীদের ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো কঠিন। কিন্তু সড়ক ও ফুটপাতে দোকানপাট থাকলে মোটরসাইকেলে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দ্রুত পালিয়ে যাওয়া সহজ হয়।

তিনি বলেন, নাগরিক সমস্যা সমাধানের পাশাপাশি নিষিদ্ধ একটি গোষ্ঠীর নাশকতার প্রবণতা দমনেও এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য এলাকাবাসী, বাজার মালিক সমিতি এবং ফুটপাতে দোকান বসানো ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে একটি সমাধানে আসার চেষ্টা চলছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাজার কমিটির সঙ্গে আলোচনায় সিটি করপোরেশন ও প্রশাসন ফুটপাত দখলমুক্ত করে দিলে বাজার কমিটির সদস্যরা নিয়মিত নজরদারি করবেন বলে আলোচনা হয়েছে, যাতে সেখানে আবার দোকান বসতে না পারে। একই সঙ্গে ফুটপাতের দোকানিদের জন্য বাজারে বিকল্প জায়গা করা যায় কি না, সে বিষয়েও বাজার কমিটির সহযোগিতা চাওয়া হয়েছে।

ববি হাজ্জাজ বলেন, নিরাপত্তার বিষয়টির পাশাপাশি এলাকাবাসীর নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে যেসব অভিযোগ রয়েছে, সেগুলো সমাধানেও কিছুটা অগ্রগতি হয়েছে। বাজার কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সঙ্গে নিয়ে তিনি এলাকা আরও পর্যবেক্ষণ করবেন। আলোচনায় উঠে আসা বিষয়গুলো যত দ্রুত সম্ভব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী সাংবাদিকের কাছে কোন দলের নেতা-কর্মীদের কথা বলা হচ্ছে, তা জানতে চান।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে: প্রধানমন্ত্রী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষ

‘রাষ্ট্রীয় বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’

রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ

শ্রমিক অবরোধে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, গাজীপুরে তীব্র যানজট ও ভোগান্তি

ইসলামাবাদে হাফিজ উদ্দিন, অভ্যর্থনা জানালেন পাকিস্তানের স্পিকার

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীর সহায়তা চাইলেন ড. ইউনূস

সর্বাধিক পঠিত