গোপালগঞ্জে ছাত্রদলের মিছিল ও নেতাকর্মীদের অবস্থান নিয়ে কটাক্ষ করেছেন মাসুম আহমেদ। বিএনপির ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে বর্তমান পরিস্থিতিতে দলটির নেতাকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন মাসুম আহমেদ।
পোস্টে তিনি লিখেছেন, গোপালগঞ্জে গতকাল রাতে কয়েকজন ছাত্রদল কর্মী ‘আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট-বোমা’ স্লোগানে মিছিল করেন। তবে মিছিলে ১০-১২ জনের মতো কর্মী ছিলেন বলে উল্লেখ করেন তিনি।
মাসুম আহমেদের দাবি, কিছুক্ষণ পর দূর থেকে কয়েকজনের ‘এই, এই, এই ধর’ চিৎকার শুনেই মিছিলকারীরা দৌড়ে পালিয়ে যান। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের সাহস ও আন্দোলনের সক্ষমতা নিয়ে কটাক্ষ করেন তিনি।
এ ছাড়া ছাত্রদলের এক পদধারী নেতার পদত্যাগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মাত্র দুই দিনের আন্দোলনের পরিস্থিতিতেই ওই নেতা ছাত্রদলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
পোস্টে বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের প্রসঙ্গ টেনে মাসুম আহমেদ আরও লিখেছেন, গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হলেও তারা জনগণের ভয়ে পলাতক রয়েছেন বলে দাবি করেন তিনি। এমন পরিস্থিতিতে নেতাকর্মীরা সংসদ সদস্যদের পাশে দাঁড়াতে পারেননি বলেও মন্তব্য করেন।
বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাসের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে পুরো ঘটনাকে ‘আন্দোলনের জন্য বিদ্রূপাত্মক পরিস্থিতি’ হিসেবে তুলে ধরেছেন মাসুম আহমেদ।







