- বর্তমান সরকারের আমলে আগের মতো গুম, খুন ও ক্রসফায়ারের সংস্কৃতি নেই। মানুষ এখন ভয়হীনভাবে চলাফেরার পরিবেশ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শিক্ষার্থীদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক ধারায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেওয়া সরকার জনগণের কাছে জবাবদিহিমূলকভাবে কাজ করছে।
- আজ বৃহস্পতিবার রাতে যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
- এ সময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। সভায় রিজভী বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্মার্ট হেলথ কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিও এগিয়ে নেওয়া হচ্ছে।
- দেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে রিজভী অভিযোগ করেন, পরাজিত শক্তি নানা উপায়ে নাশকতা ও হত্যাকাণ্ড ঘটিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় দলীয় নেতাকর্মী হত্যার পাশাপাশি গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে।
- তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। ধৈর্যের সীমা অতিক্রম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সরকার অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছে।
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যেসব আপত্তি ও নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো সংসদে বিরোধী দলের সাথে আলোচনা করে দ্রুত নিষ্পত্তির আশাও প্রকাশ করেছেন বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এসব বিষয়ে সমাধানে পৌঁছানো সম্ভব।
- মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা ছিলেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ বক্তা ছিলেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। এ সময় জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







