বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ইসলামি পণ্ডিত ও পাকিস্তানের প্রাক্তন বিচারপতি শাইখুল হাদিস মুফতি মুহাম্মদ তাকী উসমানীর চিন্তাধারা আলেম সমাজ ধারণ করলে তাদের যথাযোগ্য মর্যাদা অক্ষুন্ন থাকবে বলে দাবি করেছেন বাংলাদেশি ইসলামী বক্তা তারেক মনোয়ার।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
ফেসবুক পোস্টটিতে তারেক মনোয়ার লেখেন, “কোনো আলেম আল্লামা তাকি উসমানীর চিন্তাধারা লালন করলে, সে অন্যের ব্যবহৃত টিস্যু হতে পারে না।”
প্রসঙ্গত, শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ইসলামি পণ্ডিত, ফকিহ ও ইসলামি অর্থনীতিবিদ। ১৯৪৩ সালে ভারতের দেওবন্দে জন্মগ্রহণ করা এই মনীষী পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি মুহাম্মদ শফি উসমানী (রহ.)-এর সন্তান। শিক্ষাজীবনে তিনি দারুল উলুম করাচি থেকে হাদিস ও ফিকহ শাস্ত্রে উচ্চতর ডিগ্রি এবং করাচি ও পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আইন ও অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তিনি ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়ত আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দারুল উলুম করাচির ভাইস প্রেসিডেন্ট এবং পাকিস্তানের কওমি মাদরাসা বোর্ডের সভাপতি। আধুনিক ইসলামি ব্যাংকিং ব্যবস্থার অন্যতম এই পথিকৃৎ আরবি, উর্দু ও ইংরেজিতে ১৪০টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন।







