- বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে এখন পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জন বীর মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান।
- আজ বুধবার জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মশিউর রহমান খানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি অনুষ্ঠিত হয়।
- মুক্তিযুদ্ধমন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৬ হাজার ৫৩৬। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে এ পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জনের গেজেট বাতিল করা হয়েছে। নওগাঁ-৪ আসনের এমপি ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রস্তুত ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে।
- রাজাকার, আলবদর, আলশামস ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
- মুক্তিযোদ্ধাদের তালিকা নির্ভুল করার বিষয়ে কুড়িগ্রাম-২ আসনের এমপি আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে আহমেদ আযম খান জানান, এ জন্য সুশীল সমাজ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ইতিমধ্যে একাধিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আরো বৈঠক ও সভার আয়োজন করে সেসব সুপারিশের ভিত্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকা প্রণয়নের কার্যকর পদ্ধতি নির্ধারণ করা হবে। এর মাধ্যমে নিরপেক্ষ ও গবেষণাভিত্তিক তালিকা প্রস্তুত করা সম্ভব হবে বলে সরকার বিশ্বাস করে।
- একই বিষয়ে এমপি মারদিয়া মমতাজের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা ও শহীদদের নির্ভুল তালিকা প্রণয়নের কৌশল নির্ধারণে গোলটেবিল বৈঠক করা হয়েছে। আরো সভা করে সুপারিশের ভিত্তিতে তালিকা তৈরির কার্যকর পদ্ধতি নির্ধারণ করা হবে।
- সিরাজগঞ্জ-৪ আসনের এমপি মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের ধারাবাহিকতায় নতুন একটি প্রকল্প প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে আরো ২৫ হাজার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য আবাসন বরাদ্দ দেওয়া সম্ভব হবে।
- মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, আগের পর্যায়ে জমির মালিকানা নিয়ে জটিলতার কারণে অনেক যোগ্য মুক্তিযোদ্ধা আবাসনসুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এ ধরনের সমস্যা এড়াতে নিজস্ব নির্ধারিত জমি রয়েছে—এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। এতে সঠিক জমিতে বাড়ি নির্মাণ ও প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছানো সম্ভব হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা যাবে।
- নীতিমালা অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীরা উপজেলা পর্যায়ের হাসপাতালে বছরে সর্বোচ্চ ১০ হাজার, জেলা পর্যায়ের হাসপাতালে ২০ হাজার এবং বিভাগীয় পর্যায়ের হাসপাতালে ৩০ হাজার টাকা চিকিৎসাসহায়তা পাবেন। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় বছরে সর্বোচ্চ এক লাখ ও জটিল রোগের চিকিৎসায় পাঁচ লাখ টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হচ্ছে।
- অন্যদিকে বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী বা স্বামীর চিকিৎসার ক্ষেত্রে উপজেলা পর্যায়ে বছরে সর্বোচ্চ ১০ হাজার টাকা, জেলা পর্যায়ে ২০ হাজার ও বিভাগীয় পর্যায়ে ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা ও জটিল রোগের চিকিৎসায় দুই লাখ টাকা পর্যন্ত সুবিধা রয়েছে। মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসহায়তা ও সামাজিক নিরাপত্তাসুবিধা আরও সম্প্রসারণের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।
- এদিকে কিশোরগঞ্জ-১ আসনের এমপি মোহাম্মদ মাজহারুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করা হয়েছে। সেখানে গ্রন্থাগারের ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব জাদুঘর স্থানীয় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের সংগ্রহশালা হিসেবে ব্যবহৃত হচ্ছে।







