জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টার লাগানো এবং এক নারী শিক্ষার্থীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের এক যুগ্ম সাধারণ সম্পাদককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আটক ব্যক্তির মুঠোফোনে ছাত্রলীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচারের তথ্য পাওয়া গেছে বলে দাবি তাদের।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর এলাকায় তার মায়ের পরিচালিত একটি চায়ের দোকান থেকে সাইফুল ইসলাম (২৬) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাইফুল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার মা নাসিমা বেগম জাবি ক্যাম্পাসের পরিবহন এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করেন।
ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাইফুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টার লাগাতেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রিকশা ও অটোরিকশাচালকদের মধ্যে খাবার বিতরণ করতেন। তার মুঠোফোনে ছাত্রলীগের বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগের তথ্য এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি তাদের।
গত শুক্রবার গণ অধিকার পরিষদের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত র্যালি ও সমাবেশকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। ওই কর্মসূচিতে অংশ নেওয়া নারী অধিকার পরিষদের নেত্রী শারমিন আক্তার সাথীর একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে সাইফুলের বিরুদ্ধে।







