এআই ও জ্বালানি খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া

Post Image


বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক নতুন পর্যায়ে নিতে চায় দক্ষিণ কোরিয়া। প্রচলিত উন্নয়ন সহযোগিতা ও স্বল্পসুদে ঋণের বাইরে গিয়ে এবার বাংলাদেশে সরাসরি বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও উন্নত উৎপাদনশিল্পে অংশীদারত্ব বাড়ানোর আগ্রহ দেখিয়েছে দেশটি।

এ লক্ষ্যে বাংলাদেশের অবকাঠামো ও বাণিজ্যিকভাবে লাভজনক প্রকল্পে কোরীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আকর্ষণ এবং সম্ভাব্য ১ থেকে ২ বিলিয়ন ডলারের সার্বভৌম তহবিল গঠনের বিষয়েও আলোচনা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সফরে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

গত ৩ নভেম্বর সফরের দ্বিতীয় কর্মদিবসে দেশটির সরকারি কর্মকর্তা, কোরিয়া এক্সিম ব্যাংক (কেইএক্সআইএম), কোরিয়া ইনভেস্টমেন্ট করপোরেশন (কেআইসি), এলজি এআই রিসার্চ, ফুরিওসা এআই ও স্যামসাং সিঅ্যান্ডটিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রযুক্তি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিরা।

বুধবার (৪ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, দেশের অর্থনৈতিক রূপান্তরের পরবর্তী পর্যায়ে দক্ষিণ কোরিয়া গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। এ ক্ষেত্রে উন্নয়ন অর্থায়নের পাশাপাশি বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, শিল্প খাতের অংশীদারত্ব এবং প্রাতিষ্ঠানিক পুঁজি আকর্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কোরিয়া ইনভেস্টমেন্ট করপোরেশনের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামোসহ বিভিন্ন বাণিজ্যিক প্রকল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সম্ভাব্য ১ থেকে ২ বিলিয়ন ডলারের বাংলাদেশ সার্বভৌম তহবিলকে বিনিয়োগের একটি মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। একই সঙ্গে কেআইসির ইকুইটি বিনিয়োগের সঙ্গে কোরিয়া এক্সিম ব্যাংকের অর্থায়ন সমন্বয়ের সম্ভাবনাও খতিয়ে দেখা হয়েছে। এ ক্ষেত্রে কোরীয় তহবিল ব্যবস্থাপকদের যুক্ত করার বিষয়টি আলোচনায় আসে।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র হিসেবে গুরুত্ব পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এলজি এআই রিসার্চের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতির উপযোগী বৃহৎ ভাষা মডেল (এলএলএম) তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করে প্রতিনিধিদল। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, উৎপাদনশিল্প ও সরকারি সেবায় এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়েও কথা হয়।

বাংলাদেশকে আঞ্চলিক এআই ও ডেটা সেন্টার হাব হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষার কথাও তুলে ধরা হয়। অন্যদিকে ফুরিওসা এআইয়ের সঙ্গে বৈঠকে উচ্চমূল্য সংযোজনকারী এআই প্রযুক্তির বিকাশে সহযোগিতা জোরদারের বিষয়টি আলোচনায় আসে। এছাড়া এআই প্রযুক্তি সংযুক্ত অবকাঠামো প্রকল্পে কাজ করার আগ্রহ দেখিয়েছে কোরিয়া এক্সিম ব্যাংক।

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে কোরিয়ার অর্থায়ন অব্যাহত রাখার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে। কোরিয়া এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হোয়াং কিয়নের সঙ্গে বৈঠকে ২০২৩-২০২৭ মেয়াদের ৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিলের (ইডিসিএফ) কাঠামোগত চুক্তি পর্যালোচনা করা হয়।

এসময় ঢাকা এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট, মতলব উত্তর-গজারিয়া সেতু এবং ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ প্রকল্প নিয়ে আলোচনা হয়। কোরিয়া এক্সিম ব্যাংক জানায়, ইডিসিএফের অগ্রাধিকার প্রকল্পগুলো বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কোরীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রকল্প প্রস্তাব বিবেচনা করা হবে।

অবশিষ্ট ইডিসিএফ অর্থ ব্যবহারে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি এআই, ডিজিটাল রূপান্তর, স্মার্ট অবকাঠামো ও সরবরাহব্যবস্থার সক্ষমতা বাড়ানোর মতো নতুন খাতে অর্থায়নের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণেও উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। স্যামসাং সিঅ্যান্ডটির সঙ্গে বৈঠকে অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, নগর উন্নয়ন, পর্যটন ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্প নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, বৃহৎ পরিসরের সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং নির্বাচিত নগর উন্নয়ন প্রকল্পের সম্ভাবনা তুলে ধরা হয়।

স্যামসাং সিঅ্যান্ডটি শুধু প্রকৌশল, ক্রয় ও নির্মাণ (ইপিসি) ঠিকাদারি কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে দীর্ঘমেয়াদি বিনিয়োগে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। অগ্রাধিকার প্রকল্পগুলো নিয়ে কারিগরি আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে।

এছাড়া ইয়াংওয়ান আয়োজিত কোরীয় বিনিয়োগবিষয়ক ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে বাংলাদেশের হালকা প্রকৌশল ও যন্ত্রাংশ উৎপাদন খাতের সম্ভাবনা তুলে ধরা হয়। কোরীয় কোম্পানিগুলোকে যৌথ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং বাংলাদেশের সরবরাহকারীদের নিজেদের বৈশ্বিক সরবরাহব্যবস্থায় যুক্ত করার আহ্বান জানানো হয়।

সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নেওয়ার উদ্যোগ

দক্ষিণ কোরিয়ার অর্থ ও অর্থনীতি মন্ত্রণালয়ের দ্বিতীয় ভাইস মিনিস্টার চ্যাং হুর সঙ্গে বৈঠকে বাংলাদেশ-কোরিয়া সম্পর্ককে আরও বিস্তৃত ও কৌশলগত পর্যায়ে উন্নীত করার আহ্বান জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী।

বাণিজ্য, বিনিয়োগ, উন্নত উৎপাদনশিল্প, জ্বালানি, জাহাজ নির্মাণ ও ডিজিটাল প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা তুলে ধরা হয়। এসময় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় পরিচালিত ইন্টিগ্রেটেড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইজিএনডি) উদ্যোগের মাস্টারপ্ল্যান তৈরিতে দক্ষিণ কোরিয়ার কারিগরি সহযোগিতাকে স্বাগত জানায় বাংলাদেশ। এ উদ্যোগে অর্থায়ন ও বাস্তবায়নেও কোরিয়ার আরও বিস্তৃত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এআই, ডিজিটাল রূপান্তর, বিকল্প অর্থায়ন, ভবিষ্যৎ ইডিসিএফ সহযোগিতা এবং আইজিএনডি উদ্যোগে সম্পৃক্ততা নিয়ে আলোচনা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট বৈঠকগুলোতে দুই দেশের পক্ষ থেকে প্রচলিত উন্নয়ন সহযোগিতার বাইরে গিয়ে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও শিল্প অংশীদারত্বের ভিত্তিতে বৃহত্তর অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করা হয়। এসব আলোচনাকে সুনির্দিষ্ট প্রকল্প ও বিনিয়োগ অংশীদারত্বে রূপ দিতে পরবর্তী সময়ে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে উভয় পক্ষ।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

এআই ও জ্বালানি খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া

দ. এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে

মেট্রোরেল প্রকল্পে সাড়ে ৬ হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

দ্বিতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন

আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

আজ ব্যাংক খোলা, কতক্ষণ চলবে লেনদেন

সর্বাধিক পঠিত

বাণিজ্য ঘাটতি বেড়ে ১৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ৩৬ শতাংশই বেকার: আইএমএফ

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

বাংলাদেশ ব্যাংকের বড় সুখবর, মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ

গ্যাসের দাম বাড়বে কি না, জানাল পেট্রোবাংলা

পুরোপুরি বন্ধ হলো ভারত থেকে ইলিশ আমদানি

বাংলাদেশি পাটপণ্যে শুল্ক আরোপের ঘোষণা ভারতের

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ডিসিদেরকে মাঠে নামার নির্দেশ

টিসিবির ডিপো থেকে আসা ট্রাকে তেলের পরিবর্তে পানির বোতল

২২ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স