ডেনমার্ক সরকারের শিক্ষার্থীদের জন্য দেওয়া এসইউ বা শিক্ষা ভাতা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে বুধবার দুপুরে দেশটির উচ্চমাধ্যমিক পর্যায়ের হাজার হাজার শিক্ষার্থী কোপেনহেগেনের সিটি হল স্কয়ারে বিক্ষোভের ঘোষণা দিয়েছে।
ডেনিশ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের সংগঠন ড্যানস্কে গ্যুমনাডশিয়ে-এলেভার্স স্যামেনশ্লুটনিং সরকারের এই পরিকল্পনার বিরুদ্ধে বুধবার দুপুর সাড়ে ১২টায় এ বিক্ষোভের ডাক দেয়। এতে প্রায় দশ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফ্রান্স, ইটালিসহ ইউরোপের বিভিন্ন দেশের মতে ডেনমার্কেও সরকারবিরোধী ছাত্র আন্দোলন শুরু হতে যাচ্ছে।
মূলত ডেনমার্কের প্রতিরক্ষা খাতে অতিরিক্ত অর্থের সংস্থান করার জন্য সরকার এসব নতুন প্রস্তাব করেছে।
সরকারের প্রস্তাব অনুযায়ী, যে-সব শিক্ষার্থী বাবা-মায়ের সঙ্গে বসবাস করে এবং যাদের বাবা-মায়ের সম্মিলিত বার্ষিক আয় ৭১০,০৭৭ ডেনিশ ক্রোনার বেশি, তারা আর এসইউ বা শিক্ষা ভাতা পাওয়ার যোগ্য হবে না। এ ছাড়া যে-সব শিক্ষার্থীর বাবা-মায়ের সম্মিলিত বার্ষিক আয় ৪১৯,৫৮৯ থেকে ৭১০,০৭৭ ডেনিশ ক্রোনার মধ্যে, তাদের শিক্ষাভাতার পরিমাণ ধীরে ধীরে কমিয়ে আনার পরিকল্পনাও করেছে সরকার।এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের সংগঠন জানিয়েছে, বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে প্রায় ১০,০০০ শিক্ষার্থী সিটি হল স্কয়ারে (রদহুস-প্লাসেন) জমায়েত হয়। এরপর তারা মিছিল নিয়ে ক্রিশ্চিয়ানসবর্গ প্রাসাদের সামনের চত্বরে (ক্রিশ্চিয়ানবর্গ স্লটস্প্ল্যাডস) যায়।
এ ছাড়া একই দিনে ডেনমার্কের ৪০টি স্কুলের প্রায় ৩০,০০০ উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ক্লাস বর্জন করে প্রতিবাদে অংশ নেয় বলে জানানো হয়েছে।







