নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। এ জন্য ১৫ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল, ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন এবং হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোনা শহরে জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ বিভাগীয় ইউনিট যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ময়মনসিংহ বিভাগীয় ইউনিটের চেয়ারম্যান ও প্রতিদিনের কাগজ-এর সম্পাদক খাইরুল আলম, সভাপতি আরিফুল ইসলাম, কার্যকরী সভাপতি সজীব রাজভর, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দুর্গাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মো. মোহন মিয়া, সাংবাদিক মো. রফিকুল ইসলাম, সনকালের কেন্দুয়া উপজেলা প্রতিনিধি সমরেন্দ্র বিশ্বশর্মা, নিহত সাংবাদিক আলিফের বড় ভাই শহিদুল ইসলাম ফকির প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার মধ্য দিয়ে শুধু একটি পরিবারের স্বজন কেড়ে নেওয়া হয়নি, সাংবাদিকদের নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলা হয়েছে। আলিফ সীমান্ত এলাকার চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ও অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতেন। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য তুলে ধরার কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে তারা মনে করেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। কোনো আসামি যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারেন, সেটিও নিশ্চিত করতে হবে।







