নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের নিয়ম জানিয়েছে সরকার। নতুন স্কেলে একই গ্রেডের প্রারম্ভিক বেতন পেলেই সবার মূল বেতন একই হবে না; পুরোনো স্কেলে কর্মচারীর মূল বেতন ও ওই স্কেলের প্রারম্ভিক ধাপের মধ্যকার পার্থক্য হিসাব করে নতুন স্কেলের সংশ্লিষ্ট ধাপে বেতন নির্ধারণ করা হবে।
অর্থ্যাৎ ৩০ জুন ২০২৬ তারিখে একজন কর্মচারী যে মূল বেতন পেতেন, তার ভিত্তিতেই ১ জুলাই থেকে নতুন স্কেলে বেতন নির্ধারণ করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের জারি করা জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপনে নতুন বেতন নির্ধারণের এ পদ্ধতি তুলে ধরা হয়েছে। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে বা এর আগে কোনো কর্মচারী সংশ্লিষ্ট পদে মূল স্কেল, উচ্চতর গ্রেড, ভিন্ন কোনো গ্রেড বা স্কেল, যে নামেই অভিহিত হোক-যে বেতন পেয়ে আসছিলেন, ১ জুলাই থেকে তার জন্য সেই বর্তমান বেতনস্কেলের অনুরূপ স্কেল জাতীয় বেতন স্কেল ২০২৬-এ প্রযোজ্য হবে।







