ভারতের দিল্লিতে শুক্রবার আটক হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। আটকের পর তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে ‘নেহা বোরা টিম’।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেহা বোরার ভেরিফায়েড অ্যাকাউন্টটি ‘নেহা বোরা টিম’ নামে পরিচালিত হয়। ওই অ্যাকাউন্টের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসও নেহাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবির মিছিল থেকে পুলিশ নেহাকে আটক করে। তবে নেহা বোরা টিম লিখেছে, দিল্লিতে নেপাল দূতাবাসের বাইরে কনট প্লেস অভিমুখী মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় জোরপূর্বক নেহাকে আটক করে পুলিশ।
এক্স অ্যাকাউন্টটিতে লেখা হয়েছে, আইসার আরও কয়েকজন কর্মী আটক হয়েছেন। তবে সাদা পোশাকের পুলিশ নেহাকে আলাদা একটি গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।
পৃথক পোস্টে লেখা হয়েছে, ‘আমাদের হৃদয় এখন শহীদ হওয়ার আকাঙক্ষায় জ্বলছে।’ নেহাকে আটকের পর আইসা কর্মীরা যন্তর মন্তরের কাছে জনপথ এলাকায় বিক্ষোভ করেছেন। অবিলম্বে নেহাসহ অন্য কর্মীদের অবস্থান জানাতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে নেহা বোরা টিম।
শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিত দীপকের পাশাপাশি নেহারও এতে যোগ দেওয়ার কথা ছিল। বিকেলে পুলিশ দিল্লির বাসা থেকে দীপকেকে আটক করেছে।







