বিশ্বের বিভিন্ন সংঘাত নিরসনে ভূমিকা রাখার দাবি করে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার উপযুক্ত সময় এখনই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত তিনি এ পুরস্কার পাবেন কি না, তা নিয়ে নিজেই সংশয় প্রকাশ করেছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়েজিয়ান নোবেল কমিটির ‘ঐতিহ্য’ তাঁর মতো ব্যক্তিদের পুরস্কার না দেওয়ার পক্ষে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।
বুধবার (৭ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি জানি না নরওয়েজিয়ান নোবেল কমিটি কী সিদ্ধান্ত নেবে। আমার মতো মানুষদের হয়তো এই পুরস্কার না দেওয়ার একটি সুনাম বা ঐতিহ্য তাদের রয়েছে।’
হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফেরার পর থেকেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি করে আসছেন ট্রাম্প। এদিনও তিনি বলেন, ‘এখনই নোবেল পাওয়ার উপযুক্ত সময়।’ গতবার পরোক্ষভাবে এই পুরস্কার পাওয়ায় তিনি সম্মানিত বোধ করেছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে ২০২৫ সালে শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল মেডেলটি ট্রাম্পের হাতে তুলে দিয়েছিলেন। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় মেডেলটি দেন তিনি। এ ঘটনাকে নিজের নোবেল পাওয়ার যোগ্যতার একটি উদাহরণ হিসেবেও তুলে ধরেছেন ট্রাম্প।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর অন্তত আটটি আন্তর্জাতিক সংঘাত নিরসনে হস্তক্ষেপ করেছেন বলে দাবি করেছেন ট্রাম্প। এই ভূমিকার কারণেই নোবেল পাওয়ার যোগ্য বলে মনে করেন তিনি।







