আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষের ঘটনায় ইসলামাবাদের শীর্ষ কূটনীতিককে তলব করেছে নয়াদিল্লি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উত্তর আরব সাগরে এ ঘটনা ঘটে। তবে এতে ভারতীয় যুদ্ধজাহাজের কোনো কাঠামোগত ক্ষতি বা নৌসদস্যদের কেউ আহত হননি। খবর ইন্ডিয়া টুডের
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এক বিবৃতিতে পাকিস্তানি নৌযানের আচরণকে ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার’ বলে উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের দাবি, পাকিস্তানি নৌযানের কারণেই সংঘর্ষের ঘটনা ঘটে।
ভারতীয় সূত্রে জানা গেছে, নিয়মিত নজরদারি অভিযানে থাকা ভারতীয় যুদ্ধজাহাজটির কাছাকাছি আসে পাকিস্তানি নৌবাহিনীর অফশোর প্যাট্রল ভেসেল পিএনএস হুনাইন। এ সময় ভারতীয় জাহাজটির গতিবিধি অনুসরণ করছিল পাকিস্তানি জাহাজটি।
সূত্রগুলো জানায়, সামুদ্রিক রেডিও চ্যানেল ১৬-এর মাধ্যমে পাকিস্তানি জাহাজটিকে একাধিকবার সতর্ক করা হয়। এরপরও পাকিস্তানি জাহাজটি হঠাৎ গতি বাড়িয়ে ডান দিক থেকে ভারতীয় যুদ্ধজাহাজটির সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পাকিস্তানি জাহাজটির সামনের অংশ ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে ঘেঁষে যায়।
ভারতীয় সূত্র জানায়, ‘কোনো কাঠামোগত ক্ষতি, কোনো হতাহত এবং সক্ষমতা হারানোর ঘটনা ঘটেনি। ঘটনার পরও ভারতীয় যুদ্ধজাহাজটি তার অভিযান চালিয়ে গেছে। এ বিষয়ে পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষের সঙ্গে প্রচলিত যোগাযোগব্যবস্থার মাধ্যমে বিষয়টি তোলা হয়েছে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি ১৯৯১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া, কৌশলগত তৎপরতা ও সেনা চলাচলের বিষয়ে আগাম নোটিশসংক্রান্ত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন।
ওই চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদে আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের নৌযান ও সাবমেরিন পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তাবিধি নির্ধারণ করা হয়েছে। এতে দুর্ঘটনা এড়াতে আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় ও পাকিস্তানি নৌযানের মধ্যে অন্তত তিন নটিক্যাল মাইল বা প্রায় ৫ দশমিক ৬ কিলোমিটার দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পাকিস্তানি কূটনীতিককে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরতে বলা হয়েছে। একই সঙ্গে সব সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা অবলম্বন এবং দ্বিপক্ষীয় চুক্তি মেনে চলার প্রয়োজনীয়তার কথা জানাতে বলা হয়েছে, যাতে এ ধরনের ঘটনা আবার না ঘটে।’
ছয় মাসের মধ্যে আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর জাহাজের কাছাকাছি পাকিস্তানি নৌযানের বিপজ্জনক গতিবিধির এটি দ্বিতীয় ঘটনা বলে দাবি করেছে ভারত। ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলো ওই এলাকায় জলদস্যুবিরোধী ও নজরদারি অভিযান পরিচালনা করে।
এ ঘটনার সঙ্গে ২০১১ সালের একটি সংঘর্ষের ইতিহাসটি আবারও সামনে এসেছে। সে বছর পাকিস্তানি নৌযান পিএনএস বাবর উচ্চগতিতে ভারতীয় নৌবাহিনীর আইএনএস গোদাবরীর পাশ দিয়ে যাওয়ার সময় সেটির ফ্লাইট ডেকের নেট ক্ষতিগ্রস্ত হয়েছিল।
২০১১ সালের ওই ঘটনা এডেন উপসাগরে ঘটে। তখন আইএনএস গোদাবরী সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হওয়া এমভি সুয়েজ নামের একটি পণ্যবাহী জাহাজকে পাহারা দেওয়া পিএনএস বাবরের কাছাকাছি অবস্থান করছিল। ওই ঘটনায় পাকিস্তান ভারতীয় নৌসদস্যদের বিরুদ্ধে পিএনএস বাবরের দিকে ‘অবন্ধুত্বপূর্ণ অঙ্গভঙ্গি’ করার অভিযোগ তুলেছিল।







